শেষ অঙ্কের রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুন্দেসলিগা বাদে ইউরোপের বাকি চারটি শীর্ষ লিগেই শেষ মুহূর্তের উত্তেজনা। এর মধ্যে সিরি আতে জুভেন্টাস ও ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির শিরোপা একরকম নিশ্চিতই। তবে সেরা দুই লিগ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইটা বেশ জমজমাট। আজ-কালের মধ্যেই অবশ্য রোমাঞ্চ থিতিয়ে যেতে পারে। আবার শিরোপা লড়াই হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়ও। চলুন দেখা যাক কীভাবে—

লা লিগা

রিয়াল মাদ্রিদের কথাই ধরুন। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকায় রিয়াল গত সপ্তাহে লিগ ম্যাচ খেলেনি। এ সুযোগে অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে গেছে ৬ পয়েন্ট, বার্সেলোনা দুই পয়েন্ট। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে আজ তাই ওসাসুনার বিপক্ষে রিয়ালকে জিততেই হবে। ড্র বা হারলেও সম্ভাবনা থাকবে বটে; সেটি কাগজে-কলমেই।
সে ক্ষেত্রে আগামীকাল অ্যাটলেটিকো-বার্সা নিজ নিজ ম্যাচ জিতলে রিয়ালের লিগের আশা কার্যত শেষই হয়ে যাবে। শিরোপার দাবি আরেকটু উজ্জ্বল করতে কাল অ্যাটলেটিকো যাবে ভ্যালেন্সিয়ার মাঠে, বার্সেলোনা অতিথি হবে ভিয়ারিয়ালের। কিন্তু আজ বাঁচা-মরার ম্যাচেও কোচ কার্লো আনচেলত্তিকে হাঁটতে হচ্ছে বিশ্রামনীতিতে। চোট কাটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ফিরলেও শতভাগ ফিট নন। মঙ্গলবারই বায়ার্নের মাঠে ফিরতি লেগ। রোনালদোকে তাই আজ বিশ্রাম দেওয়া হবে বলেই খবর। তবে কোপা ডেল রের নায়ক গ্যারেথ বেল ফিরতে পারেন প্রথম একাদশে।

প্রিমিয়ার লিগ

লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি—ইংল্যান্ডে শিরোপার তিন দাবিদারই মাঠে নামবে আগামীকাল। এর মধ্যে লিভারপুল ও চেলসি একে অন্যের মুখোমুখি। সিটি যাবে ক্রিস্টাল প্যালেসের মাঠে। অ্যানফিল্ডে হারলেই শেষ হয়ে যাবে চেলসির শিরোপার আশা। লিভারপুল পেতে থাকবে শিরোপার আরও সুবাস। অন্যদিকে চেলসি জিতলে শিরোপা লড়াই আরও রুদ্ধশ্বাসই হয়ে উঠবে। হিসাবটা জানা থাকা সত্ত্বেও চেলসি কোচ হোসে মরিনহো লিভারপুলের বিপেক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল নামানোর ঘোষণা দিয়েছেন! বধুবারই যে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগ।
আকর্ষণ থাকছে আজও। আকষর্ণের নাম রায়ান গিগস। ওয়েলস মিডফিল্ডার অনেকবারই শুনিয়েছেন নিজের একটা স্বপ্নের কথা, একদিন কোচ হবেন ম্যানচেস্টার ইউনাইটেডের। তাঁর সেই স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে বুটজোড়া তুলে রাখার আগেই। ডেভিড ময়েসকে বরখাস্ত করে ইউনাইটেডের অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ৪০ বছর বয়সী গিগসকে। ওল্ড ট্রাফোর্ডে আজ ইউনাইটেডের প্রতিপক্ষ নরউইচ সিটি। এ ম্যাচেই ইউনাইটেডের ডাগআউটে অভিষেক হবে তাঁর।

সিরি ‘আ’

সিরি আতে জুভেন্টাস রোমার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে। তবে গতকাল রাতে এসি মিলানের বিপক্ষে জিতে থাকলে রোমা ব্যবধানটা নামিয়ে এনেছে পাঁচে। কিন্তু রোমা যদি হেরে থাকে ম্যাচটা? সে ক্ষেত্রে সোমবার নবাগত সাসসুয়োলোর বিপক্ষে জিতলেই হ্যাটট্রিক শিরোপার আনন্দে মেতে উঠবে জুভেন্টাস।

ফ্রেঞ্চ লিগ ওয়ান

ফ্রান্সে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জন্য সমীকরণটা আরও সহজ। আগামীকাল সোশোর বিপক্ষে জিতলে তো বটেই, পিএসজি শিরোপা উৎসবের উপলক্ষ পেয়ে যেতে পারে আজ রাতেও! আজ অ্যাজাক্সিওর বিপক্ষে দ্বিতীয় স্থানে থাকা মোনাকো হারলে পিএসজিকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আজই নিশ্চিত হয়ে যাবে পিএসজির শিরোপা। তবে পয়েন্ট তালিকার দল অ্যাজাক্সিও মোনাকোকে হারিয়ে দেবে, সেই আশা হয়তো পিএসজিরও কেউ করছে না! এএফপি।