শেষ আট দেখছে রিয়াল

ওসাসুনার সঙ্গে ২-০ গোলের জয়টা এমন বড় কোনো ঘটনা নয়। তবে পরশু কোপা ডেল রের চতুর্থ রাউন্ডের ম্যাচটা জিতে ক্রিস্টিয়ানো রোনালদোর হয়তো একটু বেশিই আনন্দিত হয়েছেন। কারণ রোনালদোর কারণে একটা নিশ্চিত গোল পায়নি রিয়াল। আর ওই গোলটা না হওয়ায় নিজেদের মাঠেও অনেক অস্বস্তিতে ভুগতে হয়েছে তাদের।
ম্যাচের তখন ৭২ মিনিট। বেনজেমার পাস থেকে বক্সের মধ্যে বল পেয়েছিলেন গ্যারেথ বেল। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের শটটা গোলে ঢোকার মুখে রোনালদোর গায়ে লেগে চলে যায় বাইরে। ভাগ্যিস, ততক্ষণে রিয়াল ২-০ গোলে এগিয়ে ছিল! রোনালদোকে তাই আফসোস করতে হয়নি।
রিয়াল অবশ্য এগিয়ে যেতে পারত ১৬ মিনিটেই। পেনাল্টি বক্সে গিয়েছিলেন হেসে রদ্রিগেজ। রেফারি পেনাল্টিই দিতে গিয়েও মত বদলে ফেলেন। ইচ্ছে করে পড়ে যাওয়ার জন্য হেসেকে দিয়ে দেন হলুদ কার্ড! তিন মিনিট পরেই গোল করে ফেলে রিয়াল। মদ্রিচের ফ্রি-কিক থেকে ক্লাবের হয়ে নিজের ৯৯তম গোলটি করেন করিম বেনজেমা।
প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলেই। ৬০ মিনিটে ওই হেসেই ব্যবধান বাড়ান। রোনালদোর পাস থেকে গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার। এরপর গোল আরও হতে পারত, কিন্তু হয়নি।
নিজেদের মাঠে ওসাসুনাকে পরের লেগটা এখন জিততে হবে অন্তত তিন গোলের ব্যবধানে। সেটা প্রায় অসম্ভব কাজ। কিন্তু রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য সাবধানী, ‘২-০ গোলে জেতাটা ভালো। আমরা তিন নম্বর গোলটা করার চেষ্টা করেছিলাম, খুব কাছাকাছিও গিয়েছিলাম। ওসাসুনার সঙ্গে খেলাটা সহজ হবে না, তবে ফলটা ভালোই হয়েছে।’ এএফপি।
তিন ম্যাচ পর পরশু প্রথমবারের মতো শুরু থেকেই ছিলেন বেল। ভাগ্য সঙ্গে থাকলে গোল পেয়েই যেতেন। তবে না পেলেও মুগ্ধতা ছড়িয়েছেন। আনচেলত্তির রায়, ‘বেল খুবই ভালো খেলেছে, সে খুবই বিপজ্জনক ছিল। সবাই জানে তার চোট-সমস্যা ছিল, নিজের খেলাটা প্রত্যাশিত মানে তোলার দরকার বলেই সে পুরো ম্যাচটা খেলেছে।’