শেষ আট প্রায় নিশ্চিত বায়ার্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন ৩ : ১ আর্সেনালপোর্তো ১ : ০ মালাগাসর্বশেষ ১৮ ম্যাচে অপরাজিত বায়ার্ন মিউনিখ। দুরন্ত এই বায়ার্নকে রুখে দেয়, আর্সেনালের সাধ্য কী! গত শনিবার দ্বিতীয় বিভাগের দল ব্ল্যাকবার্নের কাছে হেরে এফএ কাপ থেকে ছিটকে পড়ার লজ্জা লুকানোর তাড়না ছিল। পক্ষে ছিল ইতিহাসও। কিন্তু বায়ার্ন কোনো কিছুকেই প্রেরণা বানাতে দেয়নি আর্সেন ওয়েঙ্গারের দলকে। আর্সেনালের মাঠে আর্সেনালকেই ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল বায়ার্ন। দিনের অন্য ম্যাচে মালাগাকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের পথে এগিয়ে গেছে পোর্তো।স্কোরলাইন যা বলে, তার চেয়েও একপেশে ছিল মাঠের লড়াই। বিশেষ করে, প্রথমার্ধে বায়ার্নের গতি আর পরিকল্পিত আক্রমণের সামনে আর্সেনালকে মনে হয়েছে সাধারণ এক দল। এর আগে ১৫টি ম্যাচ খেলে একবারই মাত্র ইংল্যান্ড থেকে জয় নিয়ে ফিরতে পেরেছে বায়ার্ন। ম্যাচের শুরু থেকেই বায়ার্নের আক্রমণাত্মক খেলার মধ্যে দেখা গেছে সেই অতীত বদলে দেওয়ারই তাড়না। ফলও পায় তারা দ্রুতই। ৭ মিনিটেই বায়ার্নকে এগিয়ে দেন টনি ক্রুস। ২১ মিনিটে দ্বিতীয় গোল করে আর্সেনালকে ম্যাচ থেকেই ছিটকে দেন টমাস মুলার।দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর্সেনাল দেখা দেয় উজ্জীবিত চেহারায়। তাতে কাজও হয়। ৫৫ মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে আর্সেনালকে ম্যাচে ফিরিয়ে আনেন লুকাস পোডলস্কি। ২০১৩ সালে এটাই বায়ার্নের প্রথম গোল খাওয়া!এমিরেটসের আকাশে তখন ২০১০ সালের বার্সেলোনার ম্যাচের স্মৃতি। সেবার বার্সার বিপক্ষে ২-০-তে পিছিয়ে পড়েও ড্র (২-২) করেছিল আর্সেনাল। কিন্তু ৭৭ মিনিটে আর্সেনালের ঘুরে দাঁড়ানোর আশায় জল ঢালেন মারিও মানজুকিচ (৩-১)।লিগ কাপ, এফএ কাপের লড়াই শেষ। লিগ শিরোপার আশাও বলতে গেলে নেই। চ্যাম্পিয়নস লিগের এই হারে তাই আর্সেনালের আট বছরের শিরোপা-খরা ঘোচানোর নিবু নিবু আশাটাও যেন দপ করে নিভে গেল! আগামী ১৩ মার্চ দ্বিতীয় লেগ যে খেলতে হবে বায়ার্নের মাঠে।ম্যাচ শেষে সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে আর্সেন ওয়েঙ্গারকে, কোচও মানছেন আর্সেনালের সম্ভাবনা বলতে গেলে শেষ, ‘এই অবস্থায় গোপন করার কিছু নেই। শেষ ষোলোর লড়াই জেতাটা খুবই কঠিন হবে।’ ম্যাচ শেষে বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস উচ্ছ্বসিত, ‘ইংল্যান্ডে বায়ার্নের অতীতটা হতাশার। আমরা অ্যাওয়ে ম্যাচে তিন গোল পেয়েছি। এটা খুবই ভালো।’পরশু রাতের আরেক ম্যাচে পোর্তো ১-০ গোলে হারিয়েছে মালাগাকে। দুবারের চ্যাম্পিয়নরা একমাত্র গোলটি পায় ৫৬ মিনিটে। টেলিভিশন রিপ্লে যদিও দেখিয়েছে, গোলদাতা হোয়াও মুটিনহো ছিলেন অফসাইডে। মুটিনহো নিজেই বলেছেন, ‘অফসাইড কি না, সেটা জানতে আমি রেফারির দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু দেখলাম, প্রত্যেকেই উদ্যাপন করছে, পরে আমিও শুরু করে দিলাম।’ এএফপি, রয়টার্স।