শেষ আট মিনিটে সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির নতুন আন্তর্জাতিক নিয়মে এশিয়ান গেমসে হকি ম্যাচ এখন ৬০ মিনিটের খেলা। প্রতি ১৫ মিনিট পর বিরতি। তিন কোয়ার্টার শেষে স্কোরলাইন—বাংলাদেশ ১: ১ মালয়েশিয়া। আগের দিন জাপানের কাছে বিধ্বস্ত বাংলাদেশের খেলায় ছিল ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা। কিন্তু শেষ কোয়ার্টারে গিয়ে খেই হারিয়ে ফেললেন চয়নরা। হলো আরও ৪টি গোল, শেষ আট মিনিটেই ৩টি। আবারও মাথা নিচু করে মাঠ ছাড়ল বাংলাদেশ দল।

বাংলাদেশের তুলনায় যথেষ্ট শক্তিশালী মালয়েশিয়া। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৩তম দলটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই-ই হচ্ছিল ৩০তম বাংলাদেশের। ২০ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে মুহাম্মদ রহিমের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। কিন্তু ৩০ মিনিটে বাংলাদেশ খেলায় ফেরে কৃষ্ণ কুমার দাসের গোলে। ৪৫ মিনিট পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি মালয়েশিয়া। কিন্তু তৃতীয় বিরতির পরের মিনিটেই আবারও গোল, জলিলের হিটে স্কোর ২-১। আর শেষ আট মিনিটে এলোমেলো বাংলাদেশের রক্ষণ। তাজুদ্দিন, নাবিল ও রহিম করেন ৩ গোল। এর দুটিই পেনাল্টি কর্নার থেকে। আগের ম্যাচে সাতটি পেনাল্টি কর্নার পাওয়া বাংলাদেশ কাল একটিও আদায় করতে পারেনি।

ড্রয়ের সম্ভাবনার এভাবে লজ্জার হারে অনুবাদ কেউই অনুমান করতে পারেননি। কোচ নাভিদ আলম এ জন্য খেলোয়াড়দের ধারাবাহিকতার অভাবকেই দায়ী করছেন। ইনচন থেকে তিনি টেলিফোনে বললেন, ‘শেষ দিকে এসে ছেলেরা মনোযোগ হারিয়ে ফেলেছে। শেষবারের বিরতির আগেও ওদের যেভাবে বুঝিয়েছিলাম, মাঠে গিয়ে সেটা ভুলে গেছে।’

দুই ম্যাচে ১৩ গোল খাওয়ায় পরিষ্কার, দলে অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব। দলটা মূলত বিকেএসপির তরুণ খেলোয়াড়দের দিয়ে গড়া এবং তাঁরা বড় মঞ্চের জন্য এখনো প্রস্তুত নন। যে অসীম গোপকে নিয়ে ‘ধন্য, ধন্য’ পড়ে গেল দেশে, সেই তরুণ গোলরক্ষকই কোরিয়ায় গিয়ে কোচের আস্থা রাখতে পারছেন না। আস্থা রাখতে পারছেন না ডিফেন্ডাররাও। তবে দুই পরাজয়ের হতাশা পেছনে ফেলে আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চান ম্যানেজার আবু জাফর তপন, ‘আমরা ষষ্ঠ হওয়ার যে লক্ষ্য নিয়ে এসেছি, সে জন্য পরের ম্যাচটা আমাদের জিততেই হবে।’ সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের জয়ের অভিজ্ঞতাই বেশি। তুলনামূলক দুর্বল সিঙ্গাপুরকে কি হারাতে পারবে না বাংলাদেশ?