শেষ আটে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ
নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলকে হারানোটা ছিল আনুষ্ঠানিকতা। কাল ব্রিসবেনের পিটার বার্গ ওভালে সেই আনুষ্ঠানিকতা পূরণ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ আটে উঠে গেছে বাংলাদেশ যুবদল। যুব বিশ্বকাপে বাংলাদেশ এর আগে মূল প্রতিযোগিতা অর্থাৎ কাপ পর্বে উঠেছে দুবার—২০০৬ ও ২০০৮ সালে।তাসকিন-জায়েদ-নাঈমদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪৯.৪ ওভারে মাত্র ১৫১ রান করে শেষ হয়ে যায় নামিবিয়া অনূর্ধ্ব-১৯-এর ইনিংস। জায়েদ ২৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট করে পেয়েছেন তাসকিন ও নাঈম জুনিয়র। অধিনায়ক স্টিফেন বার্ড ৭০ বল খেলে সর্বোচ্চ ৪০ রান করেছেন। ৫১ রানে ৩ উইকেট পড়ার পর গ্রোয়েনওয়াল্ডের (১৯) সঙ্গে পঞ্চম উইকেটে তাঁর ৫৪ রানের জুটিটাই সর্বোচ্চ দলের পক্ষে।জবাবে বাংলাদেশ একটা হোঁচট খায় ৩১ রানেই, আউট হন ওপেনার সৌম্য সরকার। ৮৮ এবং ১২১ রানে আনামুল ও আসিফকে হারালেও নামিবিয়ার অল্প সংগ্রহ টপকাতে সমস্যা হয়নি শেষ পর্যন্ত। ওপেনার লিটন দাসের অপরাজিত ৭০ রানের ইনিংসই সহজ করেছে সেটা। ১১৫ বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি লিটনের। আল আমিনের (১৭) সঙ্গে ম্যান অব দ্য ম্যাচ লিটনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এসেছে ৩৪ রান।‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শেষ আটে ওঠায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার যুবারা। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯। ‘এ’ গ্রুপ থেকে শেষ আটে গেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, ‘বি’ গ্রুপ থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ড এবং ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের। ১৯ আগস্ট ম্যাচটি হবে টাউন্সভিলের এনডেভার পার্ক-২ মাঠে।সংক্ষিপ্ত স্কোরনামিবিয়া অনূূর্ধ্ব-১৯: ৪৯.৪ ওভারে ১৫১ (বার্ড ৪০, ভুরেন ২০; তানকিন ৯.৪-১-২৯-২, জায়েদ ৮-১-২৯-৩, আল আমিন ১০-২-২৪-১, নাঈম জুনিয়র ১০-২-১৯-২, নূর হোসেন ৭-০-২৪-১, নাসুম ৫-০-২৫-০)। বাংলাদেশ অনূূর্ধ্ব-১৯: ৩৭ ওভারে ১৫৫/৩ (লিটন ৭০*, সৌম্য ১৬, আনামুল ৩২, আসিফ ১৩, আল আমিন ১৭*; ডেভিডসন ১/১৯, বোল্টন ১/২৪, ওয়েসেলস ১/২৬)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস।