শেষ আটে আটকাল দ্রগবার দল
পরিসংখ্যান, অতীত লড়াইয়ের ইতিহাস, সাম্প্রতিক পারফরম্যান্স—সবকিছুতেই আইভরিকোস্টের চেয়ে অনেক পিছিয়ে ছিল আলজেরিয়া। পরশুর ম্যাচের ৯০ মিনিটেও পিছিয়ে ছিল তারা। তবে শেষ মুহূর্তের নাটকে আইভরিকোস্টকে ৩-২ গোলে হারিয়ে গেরো ছোটাল তারা শেষ আটের। ইনজুরি সময়ের ২ মিনিটে মাদজিদ বৌগেরার গোলে ম্যাচে ফেরে আলজেরিয়া। এর পর অতিরিক্ত সময়ে হামার বৌজার গোল তাদের তুলে দেয় সেমিফাইনালে।ম্যাচটি দ্রগবার দল আইভরিকোস্ট শুরু করেছিল ফেবারিটদের মতোই। সলোমন কালুর ৪ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল ‘এলিফ্যান্ট’রা। ৪০ মিনিটে করিম মাতমুর গোলে আলজেরিয়া ম্যাচে ফেরে। কিন্তু ৮৯ মিনিটে আবদুল কাদের কেইটার দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ চারে পা প্রায় দিয়েই ফেলেছিল আইভরিকোস্ট। ইনজুরি সময়ে গোল করে সেখান থেকে আলজেরিয়াকে টেনে আনেন বৌগেরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর তাতে ৯২ মিনিটে বৌজার হেড আটকাতে পারেননি আইভরিয়ান গোলরক্ষক। নাটকের বাকি ছিল তখনো। শেষ মুহূর্তে আলজেরিয়ার জালে বল জড়িয়ে উত্সব শুরু করেছিলেন কোলো তোরে। কিন্তু হঠাত্ই জেগে ওঠে সহকারী রেফারির পতাকা—অফসাইডের কারণে গোল বাতিল হয়। টিভি রিপ্লে অবশ্য দেখিয়েছে রেফারিই ভুল করেছেন। এদিকে পুরো দুই সপ্তাহ উত্সবের পর পরশু অ্যাঙ্গোলার কলরব থেমে গেছে আফ্রিকান নেশনস কাপ থেকে তাদের বিদায়ে। আসামোয়া গিয়ানের ১৫ মিনিটের গোলে অ্যাঙ্গোলাকে হারিয়ে (১-০) সেমিতে জায়গা করে নিয়েছে ঘানা। এএফপি।