শেষ আটে আবাহনী-মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাগ আউটে কোচের বদলে ম্যানেজার। খেলোয়াড়দের উজ্জীবিত করছেন, দিচ্ছেন নির্দেশনাও। অসুস্থ স্ত্রীকে দেখতে মোহামেডানের কোচ রুই ক্যাপেলা গেছেন পর্তুগালে। তবে কোচবিহীন মোহামেডান মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপে শুরু করল জয় দিয়ে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল তারা ৪-১ গোলে হারিয়েছে আরামবাগকে। দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় আরামবাগের। আর এক জয়েই শেষ আটে মোহামেডান, তাদের সঙ্গী আবাহনী। আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইটা শুধুই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।
মোহামেডান কাল চার মিনিটেই গোল খেয়ে বসে, গোলটা মিন্টুর আত্মঘাতী। সমতা ফেরায় তারা ড্যামিয়েনের গোলে। সহজ সুযোগ হাতছাড়া করায় গ্যালারি থেকে দর্শকদের দুয়োধ্বনি শোনেন জাহিদ হাসান এমিলি। এটা যেন ছিল ‘টনিক’, পরে করেছেন জোড়া গোল। মোহামেডানের অন্য গোলটি সবুজের।
সানডের হ্যাটট্রিকে মুক্তির জয়: গত মৌসুমে শেখ জামালের হয়ে খেললেও এবার লিগের প্রথম পর্বে সানডে সিজোবা দেশেই ছিলেন। তবে ঢাকায় ফিরেই জ্বলে উঠেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার। কাল উত্তর বারিধারা বিধ্বস্ত হয়েছে তাঁর হ্যাটট্রিকে। মুক্তিযোদ্ধা ৬-১ গোলে হারিয়েছে তাদের।
কাল বারিধারাই প্রথমে এগিয়ে লাকির গোলে। এর পরই তাদের পোস্টে গোলের ধারা। কিংসলে সমতায় ফেরান। ১৪, ৬০ ও ৬২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সিজোবা। এনকোচা করেছেন বাকি দুই গোল।
আজকের খেলা: বিজেএমসি-ফেনী সকার, শেখ রাসেল-ব্রাদার্স (বিকেল ৪টা ও ৬টা; বঙ্গবন্ধু স্টেডিয়াম)।