শেষ আটে ইংল্যান্ড ও ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই গোল পেলেন ওয়েইন রুনি। ইউক্রেনের বিপক্ষে ইংল্যান্ড জিতল ১-০ গোলে। পোল্যান্ডের পর ইউরো শেষ হয়ে গেল আরেক স্বাগতিক ইউক্রেনেরও। ৪৮ মিনিটে রুনির একমাত্র গোলে জিতেই ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ডান পাশ থেকে স্টিভেন জেরার্ডের ক্রস মাথা খুঁজে নেয় ফাঁকা জায়গায় দাঁড়ানো রুনির। কাল সুইডেনের সঙ্গে ০-২ গোলে হেরেও কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সঙ্গী হয়েছে ফ্রান্স। ৫৪ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের অসাধারণ এক গোলে এগিয়ে যায় সুইডেন। বাড়তি সময়ের প্রথম মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন সেবাস্টিয়ান লারসন। আগেই বাদ পড়ে যাওয়া সুইডেনকে একেবারে খালি হাতে ফিরতে হলো না। রয়টার্স। কাল থেকে শুরু কোয়ার্টার ফাইনালের লড়াই। শেষ আটের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্র খেলবে পর্তুগালের বিপক্ষে। ২২, ২৩ ও ২৪ জুন বাকি তিন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি জার্মানি-গ্রিস, স্পেন-ফ্রান্স ও ইংল্যান্ড-ইতালি।