শেষ আটে ইন্টার-ম্যানইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। একটা অহংবোধ তো থাকতেই হয়। পরশু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে সেই অহংবোধটাই জেগে উঠেছিল ইন্টার মিলানের মধ্যে। বায়ার্ন মিউনিখের মাঠ থেকে ৩-২ গোলে জিতে ফিরেছে তারা। দুই লেগ মিলিয়ে ৩-৩, তবে অ্যাওয়ে গোলের হিসাব ইন্টার মিলানকে তুলে দিয়েছে কোয়ার্টার ফাইনালে। ওল্ড ট্র্যাফোর্ডে মার্শেইকে ২-১ গোলে হারিয়ে এবার প্রথম ইংলিশ ক্লাব হিসেবে শেষ আটে নাম লিখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।নিজেদের মাঠে প্রথম লেগটা ১-০ গোলে হেরেছিল ইন্টার। গত মৌসুমে যে বায়ার্ন মিউনিখকে হারিয়ে শিরোপা জিতেছিল, দ্বিতীয় লেগটা তাদের চেয়ে পিছিয়ে থেকেই শুরু করেছিল লিওনার্দোর দল। পিছিয়ে থাকাটা ছিল অবশ্য ৩ মিনিট পর্যন্ত। ম্যাচের তৃতীয় মিনিটে স্যামুয়েল ইতো গোল করে আশার পালে হাওয়া লাগান ইন্টারের। গোল খেয়েই যেন বায়ার্নের মনে পড়ে গিয়েছিল, ইন্টারের বিপক্ষে একটা হিসাব মিটিয়ে নেওয়ার আছে তাদের!১০ মিনিটের মধ্যে (২১ ও ৩১ মিনিট) গোমেজ ও মুলারের গোল বায়ার্নকে স্বপ্ন দেখাচ্ছিল গত ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার। তা হয়নি দ্বিতীয়ার্ধে ইন্টারের দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলার কারণে। ৬৩ মিনিটে ইন্টারকে ম্যাচে ফিরিয়েছেন ওয়েসলি স্নাইডার। ৮৮ মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন প্যানডেভ।মার্শেইয়ের বিপক্ষে ম্যানইউও ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় হাভিয়ের হার্নান্দেজের গোলে। ৭৫ মিনিটে দ্বিতীয় গোলটিও এই মেক্সিকান স্ট্রাইকারের। ৮২ মিনিটে একটি গোল শোধ করে মার্শেই। সেটি অবশ্য ব্রাউনের আত্মঘাতী। এএফপি, ওয়েবসাইট।