শেষ আটে উঠেই গেল রিয়াল

ম্যাচ শেষ। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা করতালিতে অভিবাদন জানালেন দর্শকদের। একে অন্যকে জড়িয়ে ধরলেন বুকে। আনন্দ-আলিঙ্গন হলো কোচিং স্টাফদের সঙ্গেও। কোয়ার্টার ফাইনালে ওঠার উৎসবটা কি শালকের ভেলতিনস অ্যারেনাতেই সেরে ফেললেন রোনালদো-বেল-বেনজেমারা?
দ্বিতীয় লেগটা এখনো বাকি। কিন্তু প্রতিপক্ষের মাঠে গিয়ে ৬-১ গোলে জয়ের পর সেই ম্যাচটা তো হয়ে পড়ল কেবলই আনুষ্ঠানিকতার। পরশু প্রথম লেগই আসলে রিয়ালকে তুলে দিয়েছে কোয়ার্টার ফাইনালে! জার্মানিতে গিয়ে এর আগে ২৫টি ম্যাচের মাত্র একটিতেই জিততে পেরেছে রিয়াল। হার ১৮ ম্যাচেই। রিয়ালের জার্মান জুজু তাই ছিলই। সেই জুজুটা কী দারুণভাবেই না কাটাল কার্লো আনচেলত্তির দল।
রোনালদো-বেল-বেনজেমা— আক্রমণে রিয়ালের ত্রিফলার নামের পাশে বসেছে জোড়া গোল। নিষেধাজ্ঞার কারণে লা লিগায় রিয়ালের গত তিনটি ম্যাচেই ছিলেন দর্শক। রোনালদো সেই ‘জ্বালা’ জুড়িয়েছেন দুই গোল করে! এতে পিএসজির জ্লাতান ইব্রাহিমোভিচকে (১০টি) টপকে রোনালদো হয়ে গেলেন সর্বোচ্চ গোলদাতা, ১১টি। দুর্দান্ত দুটি পাস দিয়ে বেল-বেনজেমাকে দিয়ে দুটি গোলও করিয়েছেন রোনালদো।
যোগ করা সময়ে ডাচ ফরোয়ার্ড ইয়ান-ক্লাস হান্টেলারের দেওয়া গোলটি নিয়েও ইউরোপে বৃহত্তম পরাজয় এড়াতে পারেনি শালকে। পুরো ম্যাচেই আধিপত্য ছিল রিয়ালের। শালকের গোলরক্ষক রাফ ফেরমান দেয়াল হয়ে না দাঁড়ালে স্কোরটা আরও বড়ই হতো। কোচ আনচেলত্তি দলের পারফরম্যান্সকে বললেন নিখুঁত, ‘আমি সবকিছু নিয়েই সন্তুষ্ট। কারণ নিখুঁত একটা ম্যাচ খেলেছে দল। সবকিছুই আমাদের জন্য ভালো গেছে।’ বিস্ময়কর হলো, এত বড় জয়ের পরও আনচেলত্তির চোখে রিয়ালের শেষ আট নিশ্চিত নয়! ১৮ মার্চ ফিরতি লেগটি ঘরের মাঠে, তার পরও আনচেলত্তি বললেন, ‘ফিরতি লেগটি সামনে এবং ফুটবল অদ্ভুত একটা খেলা।’ দল ও নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত রোনালদো, ‘দল প্রচুর ভালো ম্যাচ খেলছে। এটা তার একটা। দুই গোল করতে পেরে আমি খুশি।’
রিয়ালের বড় জয়ে আড়ালেই পড়ে গেছে গ্যালাতাসারাই-চেলসির ম্যাচটি। নয়তো গুরু মরিনহোর সঙ্গে শিষ্য দ্রগবা-স্নাইডারদের লড়াই ম্যাচটাকে ঘিরে রেখেছিল আলাদা কৌতূহলে। তা গুরু-শিষ্যের সেই লড়াইয়ে কেউ হারেনি। গ্যালাতাসারাইয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছে মরিনহোর চেলসি। ম্যাচের ৯ মিনিটেই চেলসিকে এগিয়ে দেন ফার্নান্দো তোরেস। দ্বিতীয়ার্ধে স্নাইডারের কর্নার থেকে গ্যালাতাসারাইকে সমতায় ফেরান ক্যামেরুনিয়ান ডিফেন্ডার আরেলিন শেদজু। গোলের কারণেই শুধু নয়, বলের লড়াইয়েও ম্যাচের প্রথমার্ধটা ছিল চেলসির, দ্বিতীয়ার্ধটা গ্যালাতাসারাইয়ের। মরিনহোর স্বভাবসুলভ ব্যাখ্যাটাও সে রকম, ‘প্রথমার্ধটা ছিল সুযোগ মিসের। দ্বিতীয়ার্ধের ফলটা ছিল ন্যায্য।’
ড্র হলেও একটা অ্যাওয়ে গোলের কারণে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে একটু হলেও এগিয়ে চেলসি। ১৮ মার্চ ফিরতি লেগটি যে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে। মরিনহোও তা-ই মনে করেন, ‘প্রথমার্ধেই ম্যাচটা শেষ করে দেওয়ার সুযোগ ছিল আমাদের। তবে ০-০-এর চেয়ে ১-১ ভালো ফল।’ গ্যালাতাসারাইয়ের কোচ রবার্তো মানচিনিও মানছেন, প্রথম লেগ শেষে পিছিয়ে তারা, ‘আমরা খুবই ভালো খেলেছি এবং দ্বিতীয়ার্ধ নিয়ে আমি সন্তুষ্ট। তবে এই ম্যাচের পর আমাদের উতরে যাওয়ার সুযোগ এখন ৪০ শতাংশ।’ এএফপি।
একনজরে
শালকে ১: ৬ রিয়াল মাদ্রিদ
গ্যালাতাসারাই ১: ১ চেলসি
* স্বাগতিক দল প্রথমে