শেষ আটে ক্যামেরুন-জাম্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বের শেষ দিনে জমে উঠেছিল নাটক। বিয়োগান্তক সেই নাটকে আফ্রিকান নেশনস কাপ থেকে বিদায় হয়েছে গ্যাবনের। আর গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে ‘ডি’ গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে জাম্বিয়া ও ক্যামেরুন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্যাবনকে পরশু ২-১ গোলে হারিয়েছে জাম্বিয়া। ক্যামেরুন তিউনিশিয়ার সঙ্গে ড্র করেছে ২-২ গোলে। এতে ৩ ম্যাচ শেষে জাম্বিয়া, ক্যামেরুন ও গ্যাবন তিন দলেরই পয়েন্ট হয়েছে ৪ করে। কোন দুটি দল শেষ আটে উঠবে? এর সমাধান খুঁজতে গিয়ে সামনে এসে যায় কিছু হিসাব।প্রথমে আসে এই তিন দলের মুখোমুখি লড়াই। তাতে প্রতিটি দলেরই একটি করে জয়। ক্যামেরুন হারিয়েছে জাম্বিয়াকে, জাম্বিয়া জিতেছে গ্যাবনের বিপক্ষে, আর গ্যাবন হারায় ক্যামেরুনকে। এর পর করা হয়েছে গোল ব্যবধানের হিসাব। তাতেও তিন দল দাঁড়িয়েছিল একই জায়গায়। সবশেষে এই তিন দলের মুখোমুখি লড়াইয়ের গোলের হিসাব। আর তাতেই বাদ পড়েছে গ্যাবন। এই তিন দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ ৪ গোল জাম্বিয়ার। ক্যামেরুন করেছে ৩ গোল। জাম্বিয়ার গোল মাত্র ২টি।হিসাবের এই মারপ্যাঁচে বাদ পড়ে যাওয়ার হতাশা লুকোতে পারেননি গ্যাবন অধিনায়ক ড্যানিয়েল কাজিন, ‘ভেবেছিলাম, আমরা কোয়ার্টার ফাইনালে উঠে গেছি। কিন্তু কিছুক্ষণ পর খবর পেলাম আমরা আসলে শেষ আটে উঠিনি।’তবে ১৪ বছর পর আবার নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে খুশির ঢেউ জাম্বিয়া শিবিরে। অধিনায়ক ক্রিস কাটোঙ্গা এটিকে দেখছেন জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে, ‘অধিনায়ক হিসেবে আফ্রিকান নেশনস কাপের নকআউট পর্বে ওঠা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। নিজেদের ছাড়িয়ে যাওয়া এক অর্জন এটা। অনেকেই ভেবেছিল আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়।’ কোচ হার্ভ রেনার্ড একে দেখছেন কিছু মানুষের উপেক্ষার জবাব হিসেবে, ‘অ্যাঙ্গোলা এসেই আমরা বলেছিলাম কোয়ার্টার ফাইনালে খেলব। এটা শুনে অনেকেই তখন হেসেছিল।’ এএফপি।