শেষ আটে ঘানা ও মালি
আইভরি কোস্টের পর আফ্রিকান কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠে গেল আরেক ফেবারিট ঘানা। পরশু গিনির সঙ্গে ১-১ গোলে ড্র করেই ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। আর ড্র করেই বিদায়ঘণ্টা বেজেছে গিনির। এই সুযোগে বতসোয়ানাকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে মালি।‘ডি’ গ্রুপের চারটি দলেরই সম্ভাবনা ছিল শেষ আটে ওঠার। এমনকি প্রথম দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পাওয়া বতসোয়ানারও ছিল সুযোগ। তাদের ২-১ গোলে হারিয়েও মালিকে মিনিট পাঁচেক অপেক্ষার যন্ত্রণা সইতে হয়েছে ঘানা-গিনি ম্যাচটি শেষ হওয়ার জন্য। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে গিনি জিতে গেলেই সমান ৬ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে বিদায় নিতে হতো মালিকে।গ্যাবনের ফ্রান্সভিলে ২৮ মিনিটে অসাধারণ এক গোল করে ঘানাকে এগিয়ে দেন ইমানুয়েল আগিমাং বাডু। নেশনস কাপে ‘ব্ল্যাক স্টার’দের এটা শততম গোল। আন্দ্রে আইয়ুর শটে কর্নারে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো ভলিতে জালে বল জড়ান বাডু। প্রথমার্ধের ইনজুরি সময়ে গিনিকে সমতায় ফেরান আবদুল রাজ্জাগুই কামারা। আগের দুই ম্যাচে জয় পাওয়া ঘানা ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। ৪ পয়েন্ট নিয়ে বাদ পড়ে গেল গিনি।লিব্রেভিলের ম্যাচে সব কটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমে এগিয়ে গিয়েছিল বতসোয়ানাই। ৫০ মিনিটে মোগাকোলোডি এনজেলে এগিয়ে দিয়েছিলেন বতসোয়ানাকে। ৬ মিনিট পর মালিকে সমতায় ফেরায় গারা ডেমবেলের গোল। ৭৫ মিনিটে বার্সেলোনা তারকা সেইডু কেইটার গোলটাই শেষ পর্যন্ত দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।আগামী ৪ ও ৫ তারিখে হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চারটি। এএফপি।কোয়ার্টার ফাইনাল লাইনআপশনিবার জাম্বিয়া-সুদান আইভরি কোস্ট- ইকুয়েটরিয়াল গিনিরোববার গ্যাবন-মালি ঘানা-তিউনিসিয়া