অনেক দিনের খরার পর যেন এল সেই কাঙ্ক্ষিত জয়, চাতকের মতো যেদিকে তাকিয়ে ছিল ফ্রান্স। সেই ২০০৬ সালের পর বড় টুর্নামেন্টে জয়টা হয়ে ছিল সোনার হরিণ। অবশেষে ইউক্রেনের বিপক্ষে পরাক্রমের সঙ্গে জিতে সেই দুর্ভাগ্যের অবসান ঘটাল লা ব্লুজরা। আজ শেষ ম্যাচটা বিদায়ী সুইডেনের সঙ্গে। ফ্রান্স বেশ নির্ভার, একটা পয়েন্ট হলেই চলে তাদের।তবে ফরাসি কোচ লরাঁ ব্লাঁ জয়টাই চাইবেন খুব করে, গায়ে পড়ে শেষ আটে স্পেনের সঙ্গে খেলতে কে-ই বা চায়? জয়ের প্রত্যয়টাই তাই শোনা গেল ব্লাঁর কণ্ঠে, ‘সুইডেনের সঙ্গে খেলাটা সব সময় কঠিন। তবে আমরা জেতারই চেষ্টা করব।’ ফ্রান্স অবশ্য গত ৪০ বছরে সুইডেনের কাছে হারেনি, এবারও ছন্নছাড়া সুইডেন ফরাসি দুর্গ জয় করতে পারবে, তেমনটা মনে হওয়ার কোনো কারণ নেই। ফ্রান্সের ম্যাথু ডেবিউশি আর জেরেমি মেনেজ পরের ম্যাচে হলুদ কার্ড দেখলে কোয়ার্টার ফাইনাল মিস করবেন, তাই তাঁদের ছাড়াই প্রথম একাদশ সাজাতে পারেন কোচ। আগের ম্যাচের গোলদাতা ইয়োহান কাবায়েরও একটু চোট-সমস্যা আছে, তাঁর মাঠে নামাটাও অনিশ্চিত। তবে অস্বস্তি যদি তাদের খানিক থেকেও থাকে, সেটা আক্রমণভাগের পুরোধা করিম বেনজেমাকে নিয়ে। এখনো টুর্নামেন্টে গোলের দেখা পাননি রিয়াল মাদ্রিদ তারকা! তবে প্রথাগত স্ট্রাইকারের চেয়ে একটু ভিন্নভাবে খেলায় বেনজেমা গোলের সুযোগ পাচ্ছেন না, বরং সুযোগ তৈরি করে দেওয়ার ভূমিকাতেই তাঁকে বেশি পারঙ্গম দেখাচ্ছে। ইউক্রেনের ম্যাচে দুটি গোলই তাঁর বানিয়ে দেওয়া। তাই ব্লাঁ মনে করছেন, বেনজেমার গোল পাওয়াটা স্রেফ সময়ের ব্যাপার, ‘যদি ওকে খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে তুলে না নিতাম, তবে হয়তো সে গোল করত। তাই এটা কোনো সমস্যাই নয়। পরের ম্যাচেই সে গোল করবে।’ ফ্রান্সের হয়ে গত ১৮ ম্যাচে মাত্র দুই গোল করা বেনজেমাও খুব একটা উৎকণ্ঠিত নন, ‘অন্যদের দিয়ে গোল করানোটা অবশ্যই আনন্দের। আমি খেলাটা গড়ার সঙ্গেই যুক্ত থাকতে চাই।’প্রথম দুই ম্যাচে হেরেই সুইডেনের শেষ আটে খেলার স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে, আজকের ম্যাচটি নিছক মর্যাদার লড়াই ছাড়া বাড়তি কোনো গুরুত্ব পাবে না তাদের কাছে। তবে ইব্রাহিমোভিচ একেবারে খালি হাতে ঘরে ফিরতে চান না, ‘আমরা জেতার জন্যই খেলব। এখন বিষয়টি সম্মানের, আর আমরা কিছু পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে চাই।’ গত দুটি ম্যাচে এগিয়ে গিয়েও হেরে যাওয়ায় ইব্রাহিমোভিচের দল নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। তবে অনুমিত ধারণাটা এই যে, আজকের ম্যাচে আরও একবার কপাল পুড়বে সুইডেনের। এএফপি, রয়টার্স।