শেষ আটে জার্মানি ও পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেবারে মাহেন্দ্রক্ষণে জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাতেই পুড়ে ছাই হল্যান্ড। রিয়াল মাদ্রিদ তারকার দুই অর্ধের দুই গোলেই ডাচদের ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। তাদের সঙ্গী হলো জার্মানি। জার্মানরাও ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ককে। তিন ম্যাচের তিনটিতে জিতে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। দুটো ম্যাচেই প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ সমতায়। খারকভে পর্তুগালের বিপক্ষে প্রথম গোল করেছিল হল্যান্ডই। ১১ মিনিটে ডাচদের এগিয়ে নেন রাফায়েল ফন ডার ভার্ট। ২৮ মিনিটে পর্তুগালকে ম্যাচে ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। ৭৪ মিনিটে দ্বিতীয় গোল করা রোনালদো পেতে পারতেন হ্যাটট্রিকও। ৯০ মিনিটে তাঁকে বঞ্চিত করে পোস্ট। এই ম্যাচে গোল পেয়ে প্রথম পর্তুগিজ হিসেবে পাঁচটি বড় টুর্নামেন্টে গোল করার ইতিহাস গড়লেন। ২০০৪ ইউরো থেকে এখন পর্যন্ত প্রতিটি ইউরো ও বিশ্বকাপেই গোল পেয়েছেন পর্তুগালের পক্ষে ৯৩ ম্যাচে ৩৪ গোল করা রোনালদো।লেভাভের ম্যাচে জার্মানি এগিয়ে যায় ১৯ মিনিটে লুকাস পোডলস্কির গোলে। এদিনই জার্মানির হয়ে শততম ম্যাচ খেললেন পোডলস্কি। পাঁচ মিনিট পরই ডেনমার্ককে সমতায় আনেন মাইকেল ক্রন-ডেলি। ৮০ মিনিটে জার্মানির দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার লার্স বেন্ডার। শেষ আটে জার্মানি খেলবে গ্রিসের বিপক্ষে এবং পর্তুগাল চেক প্রজাতন্ত্রের। এএফপি, রয়টার্স।