শেষ আটে নাদাল-মারে দ্বৈরথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে এই অস্ট্রেলিয়ান ওপেনেই নাদালের কাছে চতুর্থ রাউন্ডে হেরে ফিরে যেতে হয়েছিল অ্যান্ডি মারেকে। এবার কি ফিরে যাবেন কোয়ার্টার ফাইনাল থেকে? নাকি ১৯৩৬ সালের পর থেকে ব্রিটিশদের কাছে অধরা এই গ্র্যান্ড স্লাম জেতার পথে আরও একধাপ এগিয়ে যাবেন মারে? এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই তারকা। কাল ছেলেদের বিভাগের চতুর্থ রাউন্ডে যুক্তরাষ্ট্রের জন ইসনারকে ৭-৬, (৭/৪), ৬-৩, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন মারে। ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচকে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে উঠেছেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন অঘটন দেখল কাল একটাই। হেরে গেছেন গত ইউএস ওপেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো হেরে গেছেন ক্রোয়েশিয়ার মারিন সিলিচের কাছে (৫-৭, ৬-৪, ৭-৫, ৫-৭, ৫-৩ গেমে) । গত ইউএস ওপেনের ফাইনালে ‘কোত্থেকে এসে’ এই পোত্রোই যে ১৬তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে দেননি রজার ফেদেরারকে। এখানে অন্তত পোত্রো নামের পথের কাঁটাটা আগেই সরে গেল! নাদাল কিংবা মারে—তাঁদের একজনের বিদায়েও রাস্তাটা আরও মসৃণ হতে পারে সুইস তারকার। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছেন দুই চীনা মেয়ে লি না ও ঝেং ঝাই। কাল চতুর্থ রাউন্ডে ইউক্রেনের আলোনা বন্দারেঙ্কোকে ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন ঝাই। কোয়ার্টার ফাইনালে উঠেছেন নাদিয়া পেত্রোভাও। কাল চতুর্থ রাউন্ডে তিনি হারালেন স্বদেশী সভেতলানা কুজনেত্সভাকে (৬-৩, ৩-৬, ৬-১)। রাশিয়ারই দিনারা সাফিনা চোটের কারণে চতুর্থ রাউন্ডের ম্যাচ শেষ করতে পারেননি, তাই স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোই উঠে গেছেন শেষ আটে। বেলারুশের ইয়ানিনা ভিকমায়ারকে ৭-৬ (৭/৩), ১-৬, ৬-৩ গেমে হারিয়ে শেষ আটে উঠে গেছেন জাস্টিন হেনিন। এএফপি।