শেষ আটে বার্সার এক পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি মচকায় তবু ভাঙে না। ৪০ মিনিট পর্যন্তও যখন লেভারকুসেনের গোলমুখ খুলতে পারল না বার্সেলোনা, প্রথম এই কথাটাই মনে হতে পারত। জার্মান-স্পেন দ্বৈরথে বাঙালি নৃতত্ত্ব! অবাক হবেন না। লেভারকুসেনের কোচ রবিন ‘ডুট’ আসলে রবিন দত্ত। জন্ম তাঁর জার্মানিতেই। কিন্তু কলকাতা থেকে জার্মানিতে বসত গড়া বাবার সন্তান বলে শরীরে তাঁর বাঙালি রক্তই। বলতেই হচ্ছে, শক্ত একটা গেরোই নিজের গোলমুখে বসিয়ে রেখেছিলেন এই কোচ। বার্সার একের পর এক পাস এসে বারবার হোঁচট খেয়েছে লেভারকুসেনের দুর্গসীমায়। তুষারপাত আর কনকনে ঠান্ডার মধ্যেও ছুটে গেছে ঘাম। কিন্তু শেষ রক্ষা হয়নি। হওয়া সম্ভবও নয়। অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলের সঙ্গে টুর্নামেন্টে লিওনেল মেসির সপ্তম গোল মিলে বায়ার লেভারকুসেনকে ৩-১ গোলে হারাল বার্সা। জয়টা প্রতিপক্ষের মাঠে বলেই ধরে নিতে পারেন, কোয়ার্টার ফাইনালে এক পা তারা দিয়েই রেখেছে।অথচ একটা সময় পর্যন্ত বার্সা সমর্থকদের উৎকণ্ঠাতেই কেটেছে। এমনিতে স্প্যানিশ লিগ শিরোপা ধরে রাখার আশা শেষ। গত ম্যাচে ওসাসুনার মতো মাঝারি গোছের দলের কাছে হোঁচট। জাভি এই ম্যাচেও নেই চোটের কারণে। মেসিকে বাধ্য হয়েই নিচে নেমে খেলতে হয়েছে। দলে রাখা হয়নি জেরার্ড পিকেকেও। এর সঙ্গে ছিল লেভারকুসেনের অতিরক্ষণাত্মক নীতি।বার্সার প্রতিপক্ষ ছিল একটা পরিসংখ্যানও। আগের তিন মৌসুমেই শেষ ষোলোর প্রথম ম্যাচটি জেতাতে পারেননি গার্দিওলা। ২০০৮-০৯, তাঁর প্রথম মৌসুমে লিওঁর সঙ্গে ১-১ ড্র। পরের মৌসুমে স্টুটগার্টের সঙ্গেও একই ফল। গতবার তো প্রথম লেগে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরেই গিয়েছিল বার্সা।৪১ মিনিটে মেসির মাপা পাসে পাওয়া বলে সানচেজের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে গিয়েছিল বার্সা। কিন্তু ড্রয়ের ভয় ফিরে এসেছিল ৫২ মিনিটে লেভারকুসেন সমতা ফেরানোয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই খোলস ছেড়ে বেরিয়ে আসে জার্মান ক্লাবটি। একটি পরিসংখ্যান দেখুন: প্রথমার্ধে বার্সার সম্পন্ন পাসের সংখ্যা ৪৬৫, লেভারকুসেনের ৭৮!গোল খাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই সানচেজ আবার এগিয়ে দেন দলকে। মাঝেমধ্যেই দ্রুতগতির পাল্টা-আক্রমণে লেভারকুসেন সমতা ফেরানোর হুংকার দিচ্ছিল। একবার তো বল ফিরে গেছে ডান পোস্টে লেগে। দারুণ দুটি সেভ করেছেন ভিক্টর ভালদেস। মেসিরও একটি শট অবশ্য পোস্টে প্রতিহত। তবে শেষ পর্যন্ত ম্যাচে দারুণ খেলা মেসি প্রাপ্য গোলটি পেয়ে যান দানি আলভেজের পাসে, ৮৮ মিনিটে। শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সা।অন্য ম্যাচে জয় পেয়েছে লিওঁ। তবে নিজেদের মাঠে ফরাসি ক্লাবটির এই জয় একমাত্র গোলে হওয়ায় নিকোসিয়ার আশা বেঁচে রইল ভালোই। ফিরতি লেগে সুযোগ থাকছে ঘুরে দাঁড়ানোর। ফিরতি লেগ ৭ মার্চ। এএফপি, রয়টার্স।