শেষ আটে রিয়াল
চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ গত সাত বছর কোয়ার্টার ফাইনালেরই মুখ দেখেনি। সেই দুর্ভাগ্যের ছায়া সরিয়ে শেষ আটে উঠল রিয়াল। ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওঁকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে উঠে গেছে তারা শেষ আটে। লিওঁর মাঠে প্রথম লেগটা ১-১ গোলে ড্র করেছিল রিয়াল। প্রথম লেগ ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা রেখেই নিজেদের মাঠে এফসি কোপেনহেগেনের বিপক্ষে খেলতে নেমেছিল চেলসি। দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেও ‘ব্লু’রা তাই শেষ আটে।পরশুর আগে পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাবগুলোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ ১১ ম্যাচের ৭টিতে জিতলেও লিওঁর বিপক্ষে কোনো ম্যাচ জেতেনি। গত বছর লিওঁর কাছে হেরেই বিদায় নিয়েছে তারা শেষ ষোলো থেকে। মার্সেলো, করিম বেনজেমা আর অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সঙ্গে তাই একটি প্রতিশোধও নেওয়া হলো রিয়ালের। এএফপি।