শেষ আটে শেখ রাসেল ও ফেনী
শেষ বাঁশির অপেক্ষায় ছিলেন রেফারি তৈয়ব হাসান। ম্যাচ তখন ২-২। হঠাৎই আক্রমণে ফেনী সকার, আলী হাসানের পাসে বল পেয়ে বক্সে ঢুকে ডিফেন্ডার আবদুল্লাহ আল মামুন আলতো টোকায় সেটি পাঠিয়ে দেন জালে। শেষ মিনিটের নাটকীয় জয়ে ফেনীর খেলোয়াড়-কর্মকর্তাদের উল্লাস তখন দেখে কে! উল্লাসটা একটু বেশি গ্রুপের প্রথম ম্যাচে জিতেই মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ায়। অন্য ম্যাচে ব্রাদার্স ১-১ গোলে চট্টগ্রাম আবাহনীর সঙ্গেড্র করায় ‘বি’ গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত হয়েছে শেখ রাসেলেরও।
প্রিমিয়ার লিগের প্রথম পর্বে জয়হীন ফেনী সকার টুর্নামেন্টে কাল গোছানো ফুটবল খেলেছে। ফেডারেশন কাপ, লিগ ও স্বাধীনতা কাপ মিলিয়ে ১২ ম্যাচে এটা তাদের মাত্র দ্বিতীয় জয়। গাম্বিয়ান ডিফেন্ডার ল্যান্ডিং দারোবির গোলে এগিয়ে যাওয়া ফেনী সকারকে সমতলে টেনে আনেন রহমতগঞ্জের নুরুল আবসার, ৩৮ মিনিটে। পরপরই দারোবির গোলে স্কোর ২-১। ৭২ মিনিটে ২-২ করেন রহমতগঞ্জের জাহাঙ্গীর। এর আগে ব্রাদার্স ড্র করে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। ব্রাদার্সের পক্ষে গোল করেন রুবেল, চট্টগ্রাম আবাহনীর গোলদাতা ওসমান।
আজকের খেলা
মোহামেডান-আরামবাগ, মুক্তিযোদ্ধা-উত্তর বারিধারা (বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা; বঙ্গবন্ধু স্টেডিয়াম)।