শেষ আটে স্প্যানিশ জোড়
রিয়াল মাদ্রিদের প্রতিশোধের উপলক্ষ, বায়ার্ন মিউনিখ-পিএসজির হিসাব চুকানোর পালা নাকি বার্সা-অ্যাটলেটিকোর চেনা সমর? কাল শেষ আটের ড্রয়ের পর আলাদা করে একটি দ্বৈরথ বেছে নেওয়া কঠিন। কেউ তো কারও চেয়ে কম নয়! একটা তথ্য থেকেই বুঝে নিতে পারেন কেমন রোমাঞ্চ ছড়াবে এবারের আসর—চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম সব গ্রুপ চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনাল খেলছে!
গত আসরে ডর্টমুন্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল রিয়াল। এবার কি সেই ডর্টমুন্ডকে হারাতে পারবে? একটা স্বস্তি অবশ্য পাচ্ছে রিয়াল, গতবারের হন্তারক রবার্ট লেভানডফস্কি মাদ্রিদের প্রথম লেগে থাকছেন না!
ম্যানচেস্টার ইউনাইটেড-বায়ার্ন মানেই ১৯৯৯ চ্যাম্পিয়নস লিগের সেই স্মৃতি। সেই হারের প্রতিশোধ অবশ্য চার বছর আগেই নিয়েছে বায়ার্ন। ইংলিশ লিগে এবার খুঁড়িয়ে চলা ইউনাইটেডের বিপক্ষে বায়ার্ন সেটির পুনরাবৃত্তি করতেই পারে।
লা লিগায় চেনা দুই প্রতিপক্ষ বার্সা-অ্যাটলেটিকো চ্যাম্পিয়নস লিগে এই প্রথম মুখোমুখি। এই মৌসুমে দুই দলের লড়াই তো একেবারেই সমানে সমান, তিনটি ম্যাচের ড্র হয়েছে প্রতিটি।
১০ বছর আগে চ্যাম্পিয়নস লিগে পিএসজিকে অনায়াসেই হারিয়েছিল মরিনহোর চেলসি। বদলে যাওয়া পিএসজির সঙ্গে এবারের লড়াইটা কেমন হবে? এএফপি।
শেষ আটের ড্র
বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড
পিএসজি-চেলসি
ম্যানচেস্টার ইউনাইটেড-বায়ার্ন মিউনিখ
* ১-২ এপ্রিল হবে প্রথম লেগের ম্যাচ, ৮-৯ এপ্রিল দ্বিতীয় লেগের ম্যাচ