শেষ আটেই ভারত-পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকেও গুরুত্বের সঙ্গে নিয়েছিল ভারত। তাদের আকাঙ্ক্ষা গ্রুপের শীর্ষে থাকা, যাতে কোয়ার্টার ফাইনালে পাওয়া যায় দুর্বলতম প্রতিপক্ষকে। খুব স্বাভাবিক ভাবনা। সব দলই এই হিসাব করবে। তবে এতসবের পরও আহমেদাবাদে ভারতের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান।ভারত এখনো কোনো ম্যাচ হারেনি। তবে দুঃখের বিষয় হলো, এর পরও দলটিকে সমালোচনা শুনতে হচ্ছে। বেশির ভাগ মানুষেরই বোলিং আর ফিল্ডিং নিয়ে অসন্তোষ। অনেকে আবার এখন ভারতের মিডল-অর্ডারের ব্যাটিংয়ের সমালোচনা করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হয় সংশয়বাদীদের শঙ্কা উড়িয়ে দেবে অথবা সমর্থকদের আরও সমালোচনামুখর করে তুলতে পারে।আসি-আসি করেও বড় রান আসছে না গৌতম গম্ভীরের ব্যাটে, বিরাট কোহলিও আরও বড় রান পেতে পারে। তবে খারাপও করছে না তারা। এই দুজনকে নিয়ে দুশ্চিন্তা করাটা অযৌক্তিক। হতে পারে আপনি হয়তো হল্যান্ড বা আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে অনুপ্রাণিত হতে পারেন না। বেশির ভাগ সময়ই তারা ২০০ রান অতিক্রম করার জন্য লড়েছে। বড় ম্যাচই ওদের সেরাটা বের করে আনবে। আমার বিশ্বাস, ওদের সেরাটা এখনো আসেনি। ইউসুফ পাঠানকে নিয়ে দুশ্চিন্তাও অন্যায্য। সাত নম্বরে নেমে প্রতিদিন সে সেঞ্চুরি করবে না। একটি ম্যাচে টপ-অর্ডারে ওর ব্যর্থতা কোনো ব্যাপার নয়।ভারত যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করে তাহলে আত্মবিশ্বাসটাও বেড়ে যাবে। নিঃসন্দেহে ভারতের এই ম্যাচের প্রতিপক্ষ টুর্নামেন্টের সেরা দলগুলোর একটি। জ্যাক ক্যালিস ও হাশিম আমলা তাদের সেরা ফর্মে নেই, তবু দক্ষিণ আফ্রিকা দারুণ ভারসাম্যপূর্ণ একটা দল। দুটি দলই মনস্তাত্ত্বিক দিক দিয়ে এগিয়ে থাকতে চাইবে।পীযূষ চাওলাকে এ ম্যাচেও নেওয়া হবে কি না, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমি নিশ্চিত, মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনার কোথাও না-কোথাও রবিচন্দ্রন অশ্বিন আছে। হয়তো ধোনি তাকে বড় উপলক্ষের জন্য রেখে দিয়েছে। এখন তো সেই মুহূর্ত এসেই গেছে। বোলিংয়ে ভারতের হয়তো একটা ভালো সমন্বয় প্রয়োজন। যত দ্রুত বোলিং আক্রমণে স্থিরতা আসবে, তত দ্রুতই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই ম্যাচে কম্বিনেশনটা হতে পারে জহির, নেহরা, হরভজন আর অশ্বিনের।এটা বলার আর অপেক্ষা রাখে না যে, ভারতের ভালো একটা শুরু দরকার। ডেল স্টেইন অ্যান্ড কোং-এর বিপক্ষে ভারত এটা করতে পারলেই ম্যাচের গতি ঠিক হয়ে যাবে। নাগপুরের উইকেট বোলারদের জন্য যেমন ভালো, তেমনি ব্যাটসম্যানদের শট খেলারও উপযোগী। গত কয়েকটা সপ্তাহজুড়ে ভারতকে ঘিরে যে সংশয় আর শঙ্কার মেঘ ছিল, আশা করছি, সেটা কেটে যাবে এবং ভারতের অভিযান আবার ঔজ্জ্বল্য পাবে।