শেষ আটেই দর্শক বাংলাদেশ
কোয়ার্টার ফাইনালেই দর্শক হয়ে গেল বাংলাদেশ। ঢাকায় চলমান বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ব্যাডমিন্টনে কাল পুরুষ, মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈতের শেষ আটে হেরে গেছেন বাংলাদেশের শাটলাররা।
দিনের শুরুতেই মিশ্র দ্বৈতে তুষার কৃষ্ণ রায় ও ইরিনা পারভীন হেরে গেছেন ভারতের সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠির কাছে। বাংলাদেশের আরেক জুটি এনায়েত উল্লাহ খান ও নাবিলা আক্তার সরাসরি সেটে হেরেছেন থাইল্যান্ডের জুটি ভিরিয়াঙ্কুরা তানুপাত ও থানিয়সুদা ওঙ্গার কাছে। পুরুষ দ্বৈতে সালমান খান ও তুষার কৃষ্ণাকে হারিয়েছেন ভারতের সাত্ত্বিক–চিরাগ। মেয়েদের দ্বৈতে নাবিলা আক্তার–রেহানা পারভীন হেরেছেন থাইল্যান্ডের নুতপ্রাউয়ি–থানিয়সুদার কাছে। আরেক ম্যাচে শাপলা ও এলিনা জুটিকে হারিয়েছেন ভারতের সানজানা সন্তোষ ও আরতি সারা। বৃষ্টি খাতুন-ইরিনা পারভীন জুটি হেরেছেন ভিয়েতনামের থি সেন ও এনগুয়েন থি ত্রাংয়ের কাছে। দিনের সব ম্যাচই নিষ্পত্তি হয়েছে সরাসরি সেটে (২-০)।