শেষ আটেই নাদাল-ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফেবারিট তালিকায় রাফায়েল নাদাল, রজার ফেদেরার থাকবেন না—এমন দিন এখনো আসেনি। কিন্তু ফাইনাল দূরের কথা, দুজনের একজনকে ইউএস ওপেন থেকে বিদায় নিতে হবে সেমিফাইনালের আগেই। আগামী পরশু থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। গত পরশু হয়ে গেল তার ড্র। তাতে নিশ্চিত, কোয়ার্টার ফাইনালেই দেখা হবে নাদাল-ফেদেরারের। একই রকমভাবে র‌্যাঙ্কিংয়ের সেরা দুই তারকারও দেখা হবে না ফাইনালে। এক নম্বর নোভাক জোকোভিচের সঙ্গে দুই নম্বর অ্যান্ডি মারের দেখা হয়ে যাচ্ছে সেমিফাইনালেই। ড্র দেখে মারে কী ভাবছেন কে জানে? জোকোভিচ কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাসই ফেলতে পারেন। ড্র প্রতিশোধের মঞ্চটা তো প্রস্তুত করে দিল! মারে এ পর্যন্ত দুটি গ্র্যান্ড স্লাম জিতেছেন, দুবারই ফাইনালে জোকোভিচকে হারিয়ে। গত বছর এই ইউএস ওপেনেই জোকোভিচকে হারিয়ে মারে ঘুচিয়েছিলেন ব্রিটিশদের ৭৬ বছরের গ্র্যান্ড স্লাম অপেক্ষা। মাস দুয়েক আগে সেই জোকোভিচকে হারিয়েই আবার ব্রিটিশদের ৭৭ বছরের উইম্বলডন অপেক্ষা ঘুচিয়েছেন। ড্র সেই মারের মুখোমুখি হওয়ার সম্ভাবনার ক্ষেত্রটা যখন তৈরি করেই দিল, জোকোভিচ নিশ্চয়ই প্রতিশোধের কথা ভাবছেন। মারে কিন্তু কোর্টে নামছেন শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়েই, ‘এটা আমার জন্য বিশাল এক টুর্নামেন্ট। ১৫ বছর বয়সে আমি এখানে প্রথম এসেছিলাম। এখানেই আমি আমার প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছি। ১৭ বছর বয়সে জুনিয়র শিরোপাও জিতেছি এখানেই। কাজেই আমি এখানে ফিরে আসাটা ভালোবাসি।’মেয়েদের এককের সহজ ড্রটা সেরেনা উইলিয়ামসের জন্য অন্য রকম এক ফাঁদ! ১৭তম গ্র্যান্ড স্লামের স্বপ্ন নিয়ে কোর্টে নেমে সেরেনাকে প্রথমেই মুখোমুখি হতে হচ্ছে ২০১০ ফ্রেঞ্চ ওপেনজয়ী ফ্রান্সেসকা শিয়াভোনের। চতুর্থ রাউন্ডে দেখা হবে ভক্ত স্লোয়ান স্টিভেনসের সঙ্গে। অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে এই স্টিভেনসই তাঁর বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন। সেরেনা যদি ওই হারের বদলা নেন, কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হবেন বড় বোন ভেনাস উইলিয়ামস। তবে এখনই অত দূর নয়, শিরোপা ধরে রাখার লড়াইয়ে সেরেনা এগোতে চান ম্যাচ ধরে ধরে, ‘প্রতিটা ম্যাচই আমার জন্য খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। কাজেই প্রতিটি ম্যাচই গুরুত্বের সঙ্গে নিব।’ রয়টার্স।