শেষ আটেই ফেদেরার-নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পরশু শুরু হচ্ছে উইম্বলডন। তার আগে গতকাল হয়ে যাওয়া ড্র দেখে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ হয়তো মিটিমিটি হাসছেন! উল্টো পিঠে বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, অ্যান্ডি মারেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ফেদেরার, নাদাল, মারে—তিনজনই যে পড়েছেন এক অর্ধে।ফেদেরার আর নাদালই বুঝি বেশি দুর্ভাগা। তিনবার উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হয়েছেন তাঁরা। অথচ এবার ফেদেরার-নাদালের দেখা হয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনালেই। কঠিন সেই যুদ্ধে যিনি জিতবেন, তাঁকে সেমিফাইনালে মারের মুখোমুখি হতে হবে। অন্যদিকে জোকোভিচের সামনে মসৃণ এক পথ। ফাইনালের আগে কঠিন কোনো পরীক্ষায় তাঁকে পড়তে হবে না!উইম্বলডন ফেদেরারকে দুহাত ভরে দিয়েছে। গত বছর এখানে সপ্তম শিরোপা জিতে ঘুচিয়েছিলেন প্রায় দেড় বছরের গ্র্যান্ড স্লাম বন্ধ্যাত্ব। এবারও উইম্বলডন ফেদেরারের কাছে নিজেকে নতুন করে প্রমাণ করার মঞ্চ। কারণ, গত বছর উইম্বলডন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালেই উঠতে পারেননি। এ বছর শিরোপা জিতেছেন মাত্র একটি! তবে গত সপ্তাহেই জার্মানির হ্যালে জেতা এই শিরোপা ফেদেরারকে দিচ্ছে অন্য রকম অনুপ্রেরণা। ২০০৩ সালে উইম্বলডনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের আগে এই হ্যালের শিরোপা জিতেছিলেন ফেদেরার। ফেদেরারের ভাষায় যা ‘ডাবল’। তাঁর সামনে কদিন আগেই ফ্রেঞ্চ ওপেনে গড়া নাদালের একই গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সর্বোচ্চ আট শিরোপার রেকর্ড ছোঁয়ার হাতছানিও। কিন্তু শিরোপার পথ বড় বেশি পিচ্ছিল করে দিল ড্র। সেই ড্রটা যতই কঠিন হোক দুবারের চ্যাম্পিয়ন নাদালও উইম্বলডনের অন্যতম ফেবারিট। তুলনামূলকভাবে মেয়েদের বিভাগের ড্রয়ে আছে ভারসাম্য। যদিও গত বছরের দুই ফাইনালিস্ট সেরেনা ও আগনিয়াস্কা রাদভানস্কা পড়েছেন একই অর্ধে। আরেক অর্ধে ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভা। এএফপি।