শেষ আটের খেলা আজ থেকে
জাতীয় দলের একঝাঁক খেলোয়াড়। সঙ্গে ভালো মানের বিদেশি। নতুন মৌসুমে নতুন শেখ রাসেল ক্রীড়াচক্রকেই দেখা যাচ্ছে। গ্রামীণফোন ফেডারেশন কাপের গ্রুপ পর্বে জিতেছে তিন ম্যাচেই। তবে আজ শুরু হচ্ছে আসল লড়াই—নকআউট পর্ব। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ অবশ্য তুলনামূলক সহজ, পেশাদার লিগে নিচের সারির দল ফেনী সকার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ বর্তমান রানার্সআপ বিজেএমসি।শেখ রাসেলের কোচ মারুফুল হক অবশ্য প্রতিপক্ষকে মোটেই সহজ ভাবছেন না, ‘নকআউট পর্যায়ের খেলা শুরু হয়েছে। কোনো দলকেই তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তা ছাড়া ওরা ওদের গ্রুপের রানার্সআপ হয়ে এসেছে। আমরা আমাদের সেরা খেলাটাই খেলার চেষ্টা করব।’ ফেনীর কোচ মাহমুদুল হক (লিটন) অবশ্য কোয়ার্টার ফাইনালে উঠেই তৃপ্ত, ‘আমাদের দল এই পর্যন্ত এসেছে, এটাই অনেক বড়।’প্রথম কোয়ার্টার ফাইনালে যেমন নিশ্চিন্তে শেখ রাসেলকে ফেবারিট বলে দেওয়া যাচ্ছে, দ্বিতীয়টিতে সেই উপায় নেই। এমনকি মোহামেডান কোচ সাইফুল বারীও তাঁর দল ও বিজেএমসির মধ্যে কোনোটিকে এগিয়ে রাখতে পারছেন না, ‘খেলোয়াড়দের মানের দিক দিয়ে দুই দলই সমান। আমার ধারণা, ম্যাচটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ দুই হলুদ কার্ডের কারণে উইঙ্গার সোহেল রানা খেলতে পারবেন না, এটা নিয়ে একটু দুশ্চিন্তা আছে সাইফুলের। গ্রুপে শেখ রাসেলের কাছে হেরে রানার্সআপ হয়েছে মোহামেডান। অন্যদিকে কোনো বিদেশি ছাড়াই ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে বিজেএমসি। ভিসা-সমস্যায় বিদেশিরা এখনো আসতে পারেননি বলে কোচ জাকারিয়া বাবু আক্ষেপ করলেন, তবে একই সঙ্গে দলের তরুণদের ওপর তাঁর যথেষ্টই আস্থা আছে বলেও জানিয়ে দিলেন।কোয়ার্টার ফাইনালে আগামীকাল আবাহনীর বিপক্ষে খেলবে শেখ জামাল ধানমন্ডি। অন্য ম্যাচে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ ব্রাদার্স।