শেষ আটের প্রান্তে চিলি-পেরু
ফেবারিট আর্জেন্টিনা লড়াই করছে নিজেদের টুর্নামেন্টে বাঁচিয়ে রাখতে। প্রথম ম্যাচে খুঁজে পাওয়া যায়নি আসল ব্রাজিলকেও। কিন্তু সুখের আবেশে পথ চলছে পেরু আর চিলি। কাল শেষ আটের প্রান্তে পৌঁছে গেছে দুটি দলই।সর্বশেষ ১৯৭৫ সালে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরা পেরু মেক্সিকোকে ১-০ গোলে হারিয়েছে পাওলো গুয়েরেরোর গোলে। কোপা আমেরিকার চারবারের ফাইনালিস্ট চিলি ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ের সঙ্গে। আলভেরো পেরেইরার গোলে প্রথমে অবশ্য এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৪ বার কোপাজয়ী উরুগুয়ে। চিলিতে সমতায় ফেরান অ্যালেক্সিস সানচেজ।স্বাগতিক আর্জেন্টিনার ১৮ বছরের শিরোপা-খরা কাটানোর মিশন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযান; এবারের কোপার ফেবারিট এই দুটি দলকেই ধরে নিয়েছে সবাই। কিন্তু নীরবে যে পেরু তাদের ৩৬ বছরের শিরোপা-খরা কাটানোর সংকল্প করেছে!পেরুর সংকল্প জানান দিচ্ছে তাদের মাঠের পারফরম্যান্সে। প্রথম ম্যাচে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ের সঙ্গে ড্র করেছে। কাল মেক্সিকোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেয়।ভালো খেলেও গোল পাচ্ছিল না, খেলা শেষের ৮ মিনিট আগে সেই অভাবটা পূরণ করে দেন উদিনেসের স্ট্রাইকার গুয়েরেরো। ২ ম্যাচে ২ গোল করে গুয়েরেরোই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। প্রতিশ্রুতি দিয়েছেন পরের ম্যাচেও গোল করবেন।তবে প্রতিশ্রুতি না দিয়েও প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছেন আরেক উদিনেসে ফরোয়ার্ড সানচেজ। চিলিকে কোয়ার্টার ফাইনালের কাছে নিয়ে গেছেন তিনিই। ৫৬ মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোল দেন সানচেজ। গোটা চিলি দলই ভালো খেলেছে কাল।চিলির আর্জেন্টাইন কোচ ক্লদিও বোর্গি দলের খেলায় মহাখুশি। ‘আমি দলকে এভাবে খেলাতেই পছন্দ করি। জয়ের চেয়ে সুন্দর ও আক্রমণাত্মক ফুটবলেই বিশ্বাসী আমি’—বলেছেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য।দ্বিতীয় ম্যাচ শেষে চিলি-পেরু দুই দলেরই পয়েন্ট সমান ৪ করে। পরের ম্যাচে ড্র করতে পারলেই দুই দলই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। আগামী ম্যাচে মুখোমুখি হচ্ছে চিলি-পেরু।বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ জেতা ডিয়েগো ফোরলানের দল উরুগুয়ের হিসাবটা একটু জটিল হয়ে গেছে। মেক্সিকোর কাছে হেরে গেলে বাদ পড়বে, তৃতীয় সেরা দুই দলের একটি হয়ে শেষ আটে যেতে হলে উরুগুয়েকে অবশ্যই জিততে হবে। ড্র করলেও হয়তো ক্ষীণ আশা থাকবে। এএফপি, রয়টার্স।