শেষ আশ্রয় ধর্মঘট!
কখনো শোনা যাচ্ছে, ধর্মঘটের কথা ভাবছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কখনো শোনা যাচ্ছে, এসব গুজব। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রধান পল মার্শ যা বললেন, তাতে সত্যিটা এই দুইয়ের মিশেল। ধর্মঘটে যাওয়ার কোনো ইচ্ছা নেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। তবে জটিলতার সমাধান যদি একেবারেই না হয়, তখন ধর্মঘটই হবে শেষ আশ্রয়।মূলত দুটি বিষয় নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে ঝমেলা এসিএর। পারফরম্যান্সের ভিত্তিতে বেতন দেওয়ার প্রস্তাবে দুই পক্ষ মোটামুটি একটা সমাধানের প্রায় কাছাকাছি চলে গেছে। তবে গেরোটা লেগেছে অন্য বিষয় নিয়ে। বোর্ডের মিডিয়া স্বত্ব, বিভিন্ন স্পন্সরশিপ এবং গেটমানি থেকে বোর্ডের রাজস্ব আয়ের ২৬ শতাংশ ক্রিকেটারদের দেওয়া হয়। এসিএর দাবি, অন্যান্য খেলার খেলোয়াড়েরা ৫০ শতাংশ পর্যন্ত পেয়ে থাকেন। তাঁরা এতটা চান না, কিন্তু হারটা বাড়াতে হবে। কয়েক দিন ধরে বাতাসে ভেসে বেড়াচ্ছে, চাওয়া পূরণ না হলে আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ বয়কট করবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বয়কট করতে পারেন এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপও। কাল এবিসি রেডিওকে মার্শ জানালেন, একদম নিরুপায় হলেই ওই পথে যাবেন ক্রিকেটাররা, ‘আমাদের জিজ্ঞেস করা হয়েছিল আমরা ধর্মঘটে যাব কিনা। আমি বলেছি, আমরা সব কিছুর জন্য প্রস্তুত। এ ধরনের (ধর্মঘট) কিছু অবশ্যই একেবারে শেষ অবলম্বন। ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান আমরা জানি না। তবে আমাদের চাওয়া হলো, সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে বর্তমান চুক্তিটাই চালিয়ে যাওয়া। ক্রিকেটাররা মাঠে নামবেন না, এমন একটা পরিস্থিতি কারও কাম্য নয়। তবে এটাও বলতে হবে, এক হাতে তালি বাজে না।’ ওয়েবসাইট।