শেষ হচ্ছে ভারতের দুঃস্বপ্নের ইংল্যান্ড সফর। শেষ হচ্ছে অনেক চড়াই-উতরাই পেরোনো রাহুল দ্রাবিড়ের ওয়ানডে ক্যারিয়ার। ভারত অধরা জয়ের দেখা পাবে কি না, উত্তর মিলবে সময়েই। তবে শেষ ইনিংসটা স্মরণীয় করে রাখার চেষ্টা ছিল দ্রাবিড়ের। তা করলেনও খানিকটা। পেলেন হাফ সেঞ্চুরি। সোয়ানের বলে বোল্ড হওয়ার আগে ৭৯ বলে করলেন ৬৯ রান। মাঠ ছাড়ার সময় শুধু ইংল্যান্ডের খেলোয়াড়েরাই নন, পুরো গ্যালারি থেকেই অভিনন্দনে সিক্ত হলেন ‘দ্য ওয়াল’। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত কোহলির সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ৩০৪ রান। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিসওয়েটারের উইকেট হারিয়ে ৭ ওভারে ৩৭ রান তুলেছিল ইংল্যান্ড। ভারতের ইনিংসের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্যও কমানো হয়। ৪০ ওভারে ইংল্যান্ডের জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয় ২৭০ রানের। ভারত উদ্বোধনী জুটিতে তোলে ৫২। তবে দ্রাবিড়কে সঙ্গী করে তৃতীয় উইকেটে সর্বোচ্চ ১৭০ রানের জুটি গড়েন কোহলি। দ্রাবিড়ের বিদায়ী ম্যাচে চাপাই পড়ে গেল কোহলির ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরির আনন্দ। ৯৩ বলে ১০৭ রান করা কোহলি আউট হন হিট উইকেটে, সোয়ানের বলে। কোহলির বিদায়ের পর আসলে ভারত তিন শ পার করেছে অধিনায়ক ধোনির ২৬ বলে (৫টি চার ও ২ ছক্কা) ৫০ রানের অপরাজিত ঝোড়ো ইনিংসের সুবাদে।৮ রানে থার্ডম্যানে সামিত প্যাটেলের বলে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন অজিঙ্কা রাহানে। সুযোগটা কাজে লাগাতে পারেননি। ২৭ রানে ওই থার্ডম্যানেই স্টিভেন ফিনের দুর্দান্ত ক্যাচের শিকার হন অজিঙ্কা। ওয়েবসাইট।