শেষ ওভারে রবি বোপারার চমক
৪৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোরবোর্ডের চেহারা ছিল ৩ উইকেটে ২৪৪ রান। সাত উইকেট হাতে রেখে যেখানে ঝোড়ো ব্যাটিং করার কথা, সেখানে পরবর্তী চার ওভারে যোগ হয় মাত্র ২১ রান। হারাতে হয় চারটি উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিকদের বড় সংগ্রহের আশা যেন ফিকেই হয়ে গিয়েছিল বেশ খানিকটা। কিন্তু শেষ ওভারে চমক দেখান রবি বোপারা। তিনটি ছয় ও দুইটি চার মেরে তুলে নেন ২৮ রান। ২৯৩ রানের বড় সংগ্রহ গড়ে ইনিংস শেষ করে স্বাগতিকরা। জনাথন ট্রটের ৭৬, জো রুটের ৬৮ রানের বড় ইনিংসগুলোর চেয়েও তাই বোপারার ১৩ বলে ৩৩ রানের ছোট্ট ইনিংসটির মহিমা বেড়ে গেছে অনেকখানি।টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কান বোলারদের ওপর আধিপত্য করেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। ৪৮ রানের মাথায় ইয়ান বেলের উইকেট হারাতে হলেও দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও ট্রট। ২৯তম ওভারে এই জুটি ভেঙে লঙ্কান শিবিরে স্বস্তি ফেরান রঙ্গনা হেরাথ। ৫৯ রান করে ফিরে যান কুক। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হতে দেননি ট্রট ও রুট। তৃতীয় উইকেটে তাঁরা আবার গড়েন ৮৭ রানের জুটি। এবার তাঁদের রান সংগ্রহের গতিটাও ছিল অনেক বেশি। এই রান তাঁরা জমা করেন ৮১ বলে। ৪২তম ওভারে দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংসটি খেলে সাজঘরের পথ ধরেন ট্রট। এরপর ইংলিশ শিবিরে বড়সড় আঘাত হানেন লাসিথ মালিঙ্গা। টানা দুই বলে ফেরান রুট ও মরগানকে। ৩ উইকেটে ২৪৯ থেকে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৫৪ রান। কিন্তু শেষ ওভারে চমক দেখিয়ে সংগ্রহটা অনেক বড় করে ফেলেন বোপারা। শ্রীলঙ্কার পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন হেরাথ, মালিঙ্গা ও শামিন্দা ইরাঙ্গা।