শেষ ওয়ানডেতেও জয় ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জয়টা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। আজ শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ২০ রানে হারিয়ে ব্যবধানটা আরও বাড়িয়ে নিয়েছে সফরকারীরা। এর ফলে ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি জিতেছে ধোনি বাহিনী। ভারতের ছুঁড়ে দেওয়া ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭৪ রানেই শেষ হয়েছে লঙ্কান ইনিংস। ভারতের পক্ষে পাঁচটি উইকেট নিয়েছেন ইরফান পাঠান।জয়ের জন্য ২৯৫ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন তিলকারত্নে দিলশান। দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার উপুল থারাঙ্গা ও লাহিরু থিরিমানে। কিন্তু অষ্টম ওভারে থারাঙ্গাকে আউট করে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান ইরফান পাঠান। এরপর খুব অল্প সময়ের ব্যবধানেই একে একে বিদায় নেন দিনেশ চান্দিমাল, অ্যাঙ্গেলো ম্যাথুস ও চামারা কাপুদেগারা। ষষ্ঠ উইকেটে আবার শ্রীলঙ্কান শিবিরে জয়ের আশা জাগান থিরিমানে ও জীবন মেন্ডিস। এই উইকেটে তারা যোগ করেন ১০২ রান। দলীয় ২০৪ রানের মাথায় সাজঘরে ফেরেন থিরিমানে। তবে তার আগে তিনি খেলেছেন দলীয় সর্বোচ্চ ৭৭ রানের এক লড়াকু ইনিংস। তবে এরপরও কিছুক্ষণ লড়াই চালিয়ে গেছেন মেন্ডিস। সপ্তম উইকেটে থিসারা পেরেরাকে নিয়ে তিনি যোগ করেছিলেন ৪৮ রান। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। দুর্দান্ত বোলিং করে ভারতকে জয়ের পথ দেখান ইরফান পাঠান। ৪৩তম ওভারে তুলে নেন পেরেরা ও মেন্ডিসের গুরুত্বপূর্ণ দুইটি উইকেট। পরের ওভারে সেনানায়কেকেও সাজঘরমুখী করেন এই বামহাতি পেসার। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি সফরকারীরা। ষষ্ঠ ওভারেই সাজঘরে ফেরেন আজিনকা রেহানে। দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ে দলকে বেশ ভালোই এগিয়ে নিচ্ছিলেন গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। কিন্তু বল হাতে নিয়েই শ্রীলঙ্কান শিবিরে একটু স্বস্তি ফিরিয়ে আনেন নুয়ান প্রদীপ। টানা দুই ওভারে কোহলি ও রোহিত শর্মার উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার। ২৩ রান এসেছে কোহলির ব্যাট থেকে। চতুর্থ উইকেটে ১১০ রানের দুর্দান্ত জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের পথে নিয়ে যান গম্ভীর ও মনোজ তিওয়ারি। ৬৫ রানের লড়াকু এক ইনিংস খেলে মালিঙ্গার শিকারে পরিণত হয়েছেন তিওয়ারি। শেষপর্যায়ে অধিনায়ক ধোনির ৩৮ বলে ৫৮ রান ও ইরফান পাঠানের অপরাজিত ২৯ রানের সুবাদে স্কোরবোর্ডে ২৯৪ রান যোগ করে ভারত।