শেষ চার ওভারে ৬৮, তবু বড় হার হায়দরাবাদের

রাজস্থানের ২১০ রানের জবাবে হায়দরাবাদের হাহাকার টপ অর্ডারইছবি: বিসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্থান রয়্যালসের সংগ্রহটাই তো পর্বতসমান। টসে হেরে আগে ব্যাটিং করেও ৬ উইকেটে ২১০—এই রান তাড়া করা আর পর্বত ডিঙানো একই। তবে সানরাইজার্স হায়দরাবাদের প্রেরণা হয়ে ছিল এক দিন আগেই হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের ম্যাচটি। সে ম্যাচে বেঙ্গালুরুর ২০৫ রানের সংগ্রহ দারুণভাবেই তাড়া করে জিতেছিল পাঞ্জাব। হায়দরাবাদেরও সেই সুযোগ ছিল, তাদের তো কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, এইডেন মার্করামের মতো ব্যাটিং তারকারা ছিলেনই। কিন্তু আজ পুনেতে হায়দরাবাদ চরমভাবে ব্যর্থ। রাজস্থানের ২১০ রান তাড়া করতে নেমে হায়দরাবাদ থেমেছে ৬১ রান দূরে। শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ১৪৯ রান করতে পেরেছে তারা।

২১০ রান তাড়া করতে নেমে যে ধরনের ব্যাটিং করা দরকার, তার ধারেকাছে দিয়েও ছিল না হায়দরাবাদের ব্যাটিং। উইলিয়ামসন, রাহুল ত্রিপাঠি, নিকোলাস পুরান ফিরেছেন সংগ্রহ দুই অঙ্ক ছোঁয়ার আগেই। অভিষেক শর্মা আর আবদুল সামাদরাও তাদের অনুসরণ করেছেন দ্রুতই। ম্যাচ তো ওখানেই শেষ। এইডেন মার্করাম আর ওয়াশিংটন সুন্দর কেবল পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছেন। ওয়াশিংটন ১৪ বলে ৪০ করেছেন। মেরেছেন ৫ বাউন্ডারি আর ২ ছক্কা। তিনি নিজের ইনিংসটা আরও বড় করতে পারলে হয়তো লড়াইটা জমত। মার্করাম শেষ পর্যন্ত ৪১ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু তাঁর ভূমিকা ছিল একদিক আগলে রাখা। ওয়াশিটনের তো আরও একটি–দুটি ইনিংস হায়দরাবাদে পেলে হয়তো তাদের আশা থাকত। শেষ চার ওভারে ৬৮ রান তোলা হায়দরাবাদের আক্ষেপ তাদের টপ অর্ডারই।

চাহাল নিয়েছেন ৩ উইকেট
ছবি: বিসিসিআই

যুজবেন্দ্র চাহালের লেগ স্পিন হায়দরাবাদকে বিচলিত করেছে। তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। ট্রেন্ট বোল্ট আর প্রসিদ্ধ কৃষ্ণও নিয়েছেন দুটি করে উইকেট। এই তিন বোলারেই শেষ পর্যন্ত বাজিমাত করেছে রাজস্থান।

এর আগে ব্যাটিংয়ে নেমে রাজস্থান ঝড় তুলেছিল শুরু থেকেই। ৬ ওভারের মধ্যেই জস বাটলার আর ইয়াশাসভি জইসওয়ালের উদ্বোধনী জুটি পঞ্চাশ পেরিয়ে যায়। তবে দলীয় ৫৮ রানে প্রথম উইকেট হারায় রাজস্থান। রোমারিও শেফার্ডের বলে মার্করামের ক্যাচ হয়ে ফেরেন জইসওয়াল। তিনি আউট হওয়ার আগে ২ বাউন্ডারি আর এক ছক্কায় ১৬ বলে ২০ করেন। বাটলার ২৮ বলে ৩৫ করে আউট হন দলীয় ৭৫ রানে। তাঁকে ফেরান উমরান মালিক, উইকেটের পেছনে নিকোলাস পুরানের ক্যাচ বানিয়ে।

কখনোই মনে হয়নি রাজস্থান ম্যাচটা হারতে পারে
ছবি: বিসিসিআই

এরপর সঞ্জু স্যামসন আর দেবদূত পাড্ডিকালের সময়। তৃতীয় উইকেট জুটিতে ৪১ বলে ৭৩ রান যোগ করেন এ দুজন। স্যামসন ২৭ বলে ৫৫ আর পাড্ডিকাল ২৯ বলে ৪১ করেন। স্যামসন রীতিমতো ঝড় তুলেছিলেন ৫ ছক্কা আর ৩ বাউন্ডারিতে। পাড্ডিকালও কম যান না। তিনি মেরেছেন ৪ বাউন্ডারি আর ২ ছক্কা। তৃতীয় উইকেট জুটি রাজস্থানকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দেয় অনেকটাই। এরপর শিমরন হেটমায়ার আর রিয়ান পরাগরা রানের চাকা ঘুরিয়েছেন কেবল। পঞ্চম উইকেটে হেটমায়ার আর পরাগ মাত্র ১৯ বলে ৪৪ রান যোগ করেন। হেটমায়ার ১৩ বলে, ৩ ছক্কা আর ২ বাউন্ডারিতে ৩২ আর পরাগ ২ বাউন্ডারিতে ৯ বলে ১২ রান করেন।

সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন উমরান মালিক আর টি নটরাজন। ভূবনেশ্বর কুমার আর রোমারিও শেফার্ড নিয়েছেন একটি করে উইকেট।