শেষ চারে রিয়ালের এক পা
গ্যালারির একটা অংশে আতশবাজি পুড়ল। সেটা ক্ষোভের, না উৎসবের? খেলা শেষে দর্শকদের অভিবাদন জানালেন অ্যাপোয়েল নিকোসিয়ার খেলোয়াড়েরা। মাঠে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ নাকি বিদায়ী অভিবাদন? এখনো একটা লেগ বাকি, তবে অ্যাপোয়েল-রূপকথায় কার্যত যতিচিহ্ন পড়েই গেছে। প্রথম লেগে নিজেদের মাঠে রিয়ালের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ার পর দ্বিতীয় লেগটা এখন একরকম আনুষ্ঠানিকতা রক্ষাই। ম্যাচ শেষে অ্যাপোয়েলের খেলোয়াড়দের শরীরী ভাষাও বলে দিচ্ছিল, বিদায়ী অভিবাদনই দিল তারা দর্শকদের। সংবাদ সম্মেলনে অ্যাপোয়েল কোচের কণ্ঠেও ছিল বিদায়ের সুর। ছিল দলকে এত দূর নিয়ে আসার জন্য শিষ্যদের প্রতি বাহবাও। তবে পরশুও বিনা যুদ্ধে হার মানেনি সাইপ্রাসের অখ্যাত দলটি। পুরো ম্যাচে রিয়ালের গোলে একটাও শট নিতে পারেনি, তবে ৭৪ মিনিট পর্যন্ত নিজেদের গোলদুর্গ অক্ষত রেখেছিল অ্যাপোয়েল। রিয়ালের একের পর এক আক্রমণ প্রতিহত হচ্ছিল অটুট রক্ষণে। ৭৫ শতাংশ বল দখল রেখেও তাই সুবিধা করতে পারছিল না হোসে মরিনহোর দল। শেষ ১৫ মিনিটেই সব ওলট-পালট হয়ে গেল। করিম বেনজেমার সৌজন্যে গোলমুখ খুলে যাওয়াতেই পর পর আরও দুটি গোলের দেখা পেল রিয়াল। শুরুর মতো শেষ গোলটাও বেনজেমার। মাঝখানে একটি গোল করেছেন কাকা।গোলের হিসাবে বেনজেমা, তবে ম্যাচের আসল নায়ক কিন্তু কাকা। গোল হচ্ছে না দেখে ৬৪ মিনিটে দুই ব্রাজিলিয়ান কাকা আর মার্সেলোকে একসঙ্গে মাঠে নামান মরিনহো। সুপার সাব নামানোর ক্ষেত্রে সুখ্যাতি আছে অ্যালেক্স ফার্গুসনের। ইদানীং সেই সুনামটা মরিনহোও কুড়াচ্ছেন। এই দুই বদলিকে নামানোর সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বেড়ে যায়। বিশেষ করে বাঁ উইংয়ে কাকা হয়ে উঠেছিলেন ভয়ংকর। বেনজেমার প্রথম গোলটিও এসেছে তাঁর দুর্দান্ত ক্রসে করা হেড থেকে। দ্বিতীয় গোলটি মার্সেলোর পাস থেকে কাকার। এতক্ষণ ঠেকিয়ে রাখার পর শেষ ১৫ মিনিটে এভাবে তিন গোল হজম করলে খারাপ লাগাই স্বাভাবিক। যদিও অ্যাপোয়েলের সার্বিয়ান কোচ ইভান ইয়োভানোভিচ বলেছেন, ‘স্কোরলাইন ঠিকই আছে। একটা সময় পর্যন্ত আমরা রিয়ালকে ধরে রাখতে পেরেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ওরা আরও বেশি চাপ তৈরি করল, প্রথম গোলটি ওদের কাজ আরও সহজ করে দিল। নিশ্চিতভাবেই রিয়াল সেমিফাইনালে চলে গেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ওরা ফাইনালেও উঠবে, আশা করি ওরা শিরোপাও জিতবে।’ রিয়ালের মতো একটা দলের সঙ্গে এই পর্যায়ে খেলাটাকেই বড় এক সম্মানের ব্যাপার বলে মনে করছেন তিনি। মরিনহোও সংবাদ সম্মেলনে লড়াকু অ্যাপোয়েলকে অভিনন্দন জানিয়েছেন, ‘ওরা যা করেছে, এক কথায় দুর্দান্ত। আমাদের নিজেদের সেরাটা দিতে হয়েছে জেতার জন্য।’মরিনহোর সাবেক ক্লাব চেলসিও শেষ চারে ওঠার স্বপ্ন দেখছে পর্তুগালে গিয়ে বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে আসায়। এই ম্যাচেও ৭৫ মিনিট পর্যন্ত স্কোর ছিল ০-০। শেষ পর্যন্ত সলোমন কালুর গোলে জিতেছে এবারের চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি চেলসি। যদিও জয়টি ন্যূনতম ব্যবধানে, ফিরতি লেগে বেনফিকার একটা গোল হিসাব পাল্টে দিতে পারে। চেলসির ভারপ্রাপ্ত কোচ রবার্তো ডি মাত্তেও সেটি ভালো করে জানেন বলেই বলছেন, ‘এখনো কাজ অনেক বাকি।’ফিরতি লেগের খেলা ৪ এপ্রিল। এএফপি, রয়টার্স।