অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের সেমিফাইনালে উঠেছেন লি না। আজ মঙ্গলবার পোল্যান্ডের আগনেয়েস্কা রাদওয়ানস্কাকে ৭-৫, ৬-৩ গেমে হারান চীনের এই টেনিস তারকা।ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে লি নার প্রতিপক্ষ কে হবেন, তা এখনো নির্ধারিত হয়নি। মারিয়া শারাপোভা ও একাতেরিনা মাকারোভার মধ্যকার কোয়ার্টার ফাইনালে বিজয়ীর সঙ্গে খেলতে হবে লি নাকে।সময়টা দুর্দান্তই কাটছিল রাদওয়ানস্কার। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম লড়াই অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে অকল্যান্ড ও সিডনি টাইটেল জেতেন তিনি। চলমান অস্ট্রেলিয়ান ওপেনেও ছিলেন প্রতিরোধ্য। সার্বিয়ার তারকা আনা ইভানোভিচকে হারিয়ে শেষ আটে উঠেছিলেন তিনি। তবে শেষ চারে ওঠার লড়ায়ে তাঁকে থামালেন লি না। এ ম্যাচের আগে ২০১৩ সালে কোনো সেটেই হারেননি রাদওয়ানস্কা।হারের পর লি নার উচ্ছ্বসিত প্রশংসাই করেছেন ২৩ বছর বয়সী রাদওয়ানস্কা, ‘লি না শুরু থেকে দারুণ খেলেছে। ও সত্যি খুব ভালো টেনিস খেলছিল।’২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন জয়ের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম লড়াইয়ের সেমিফাইনালে উঠলেন লি না। কোচ বদলের কারণেই এই সফলতা কি না, কে জানে! আগে লি নার কোচ হিসেবে ছিলেন তাঁর স্বামী জিয়াং শেন। তবে জিয়াংকে সরিয়ে সম্প্রতি তিনি কোচ বানিয়েছেন কার্লোস রদ্রিগুয়েজকে। স্বামীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় ভালোই হয়েছে জানিয়ে লি না আজ বলেন, ‘আমি মনে করি, এটা আমার ও আমার স্বামী দুজনের জন্যই ভালো হয়েছে। এটা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। কোর্ট বা কোর্টের বাইরে এখন আর আমাদের চিত্কার-চেঁচামেচি করতে হয় না।’ সূত্র: রয়টার্স।