শেষ চারে শারাপোভা ও লি না
ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি চীন ও রাশিয়া। বিশ্ব রাজনীতির দুই পরাশক্তিকে প্যারিসের লাল দুর্গ জয়ের অভিযানে মুখোমুখি দাঁড় করিয়েছেন মারিয়া শারাপোভা ও লি না। শেষ আটের লড়াইয়ে দুই প্রতিপক্ষ যেন হেরে গেছেন রুশ সৌন্দর্য ও চীনা দৃঢ়প্রত্যয়ের কাছে। প্যারিসের উজ্জ্বল সূর্যালোকে এমনিতেই চোখ ধাঁধিয়ে যায়, তার ওপর শারাপোভা খেলছেন হলুদ পোশাক পরে, জার্মান পেটকোভিচ স্রেফ উড়ে গেলেন ৬-০, ৬-৩ গেমে। অন্য কোয়ার্টার ফাইনালে লি না ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। চতুর্থ বাছাই বেলারুশিয়ানের পরাজয়ে শেষ চারের আগেই শীর্ষ চার বাছাইয়ের বিদায় দেখল এবারের ফ্রেঞ্চ ওপেন। অন্যদিকে প্রথম চীনা হিসেবে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠলেন এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনের রানারআপ লি না।২০০৮ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের শেষ চারে উঠলেন শারাপোভা। ওই টুর্নামেন্টের পর থেকেই চোট ও অসুস্থতা ঠিকমতো খেলতেই দেয়নি সপ্তম বাছাই রুশকন্যাকে। লি নাকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হিসেবে পাবেন বর্তমান চ্যাম্পিয়ন শিয়াভোনে অথবা স্বাগতিক মারিয়ন বারতোলিকে। আগামী পরশুই ফাইনাল।পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে জিতেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। সুইডেনের রবিন সোদারলিংকে ৬-৪, ৬-১, ৭-৬ (৭/৩) গেমে হারিয়েছেন লাল দুর্গের রাজা। ফ্রেঞ্চ ওপেনে নাদালের একমাত্র পরাজয়টি গত দুবারের রানারআপ সোদারলিংয়ের বিপক্ষেই ২০০৯ সালে। অন্য কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারে আর্জেন্টিনার হুয়ান ইগনাসিও চেলার বিপক্ষে জিতেছেন ৭-৬, ৭-৫, ৬-২ গেমে। সেমিফাইনালে নাদালের মুখোমুখি হবেন মারে। ওয়েবসাইট।