শেষ জানা নেই ওয়ার্নের
টুইটার জগতে তিনি খুবই সক্রিয়। প্রায়ই বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। হবু স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পুরো দুনিয়া। এখনো দারুণ ফিট। এলিজাবেথ হার্লির সঙ্গে সম্পর্কের পর ওজন কমিয়ে, সার্জারি করে খেলোয়াড়ি জীবনের চেয়েও সুদর্শন হয়ে উঠেছেন ইদানীং। তবে সৌন্দর্যচর্চা, দাতব্য কাজ আর বিশ্বভ্রমণে আপাতত বিরতি। কিছুদিনের জন্য আবারও বল হাতে মাঠে। কাল মেলবোর্ন ক্রিকেট মাঠের নেটে দেখা গেল শেন ওয়ার্নকে। বিগ ব্যাশ কড়া নাড়ছে দুয়ারে, নিজেকে খানিকটা ঝালিয়ে নিতে হবে না!ওয়ার্ন যেন এই সময়ের ক্রিকেটের প্রতীক—‘শেষ হইয়াও হয় না শেষ।’ ব্যাগি গ্রিন শেষবার মাথায় চাপিয়েছিলেন ২০০৭ সালে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় বলেছিলেন, ক্রিকেট বল হাতে আর কখনোই নয়। কিন্তু পরের বছরই ক্রিকেট দুনিয়া কাঁপিয়ে আবির্ভাব আইপিএলের। ওয়ার্নও প্রতিজ্ঞা ভেঙে ফিরলেন রাজস্থান রয়্যালসের কোচ-কাম অধিনায়ক হয়ে। নেতৃত্ব জাদুতে মাঝারি মানের দলকে শিরোপা জেতালেন, প্রশংসায় ভাসলেন। রয়্যালসের সঙ্গে চার বছরের চুক্তি শেষ হলো গত বছর। আইপিএলকে বিদায় জানালেন ওয়ার্ন, তবে ক্রিকেটকে নয়। এবার শুরু বিগ ব্যাশ অধ্যায়। গত ডিসেম্বর-জানুয়ারিতে মেলবোর্ন স্টার্সের হয়ে খেললেন বিগ ব্যাশে। খেলবেন এবারও, খেলতে পারেন সামনেও! ৪৩ বছর বয়সী স্পিন কিংবদন্তি নিজেই বলছেন, ক্রিকেটকে পুরোপুরি কবে বিদায় জানাবেন, জানেন না নিজেই!সর্বকালের সেরা লেগ স্পিনারের বিগ ব্যাশ প্রস্তুতি শুরুর দিনটায় এমসিজিতে ছিল সংবাদকর্মীদের ভিড়। ওয়ার্ন জানালেন, আগের অভিজ্ঞতার কারণেই এবার অবসরের দিন-তারিখ ঠিক করতে চান না, ‘কখনোই আর ‘‘কখনোই না’’ বলা যাবে না। কারণ ২০০৭ সালেও বলেছিলাম আর কখনো ক্রিকেট খেলব না। কিন্তু বছর দেড়েক পরই আইপিএল এল, আমাকে কোচ-কাম অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হলো। এটাই আমাকে দারুণ আগ্রহী করে তুলেছিল, কারণ আমি সব সময়ই বলে এসেছি ক্রিকেটে এটাই হওয়া উচিত।’ইমরান খানের সঙ্গে এই একটা জায়গায় দারুণ মিল ওয়ার্নের, দুজনই ক্রিকেটে কোচ প্রথার বিরোধী। দুজনের মতেই ক্রিকেটে সর্বেসর্বা হওয়া উচিত অধিনায়কের। ওয়ার্নের আইপিএল খেলার যুক্তি তাই মেনে নেওয়ার মতোই। কিন্তু বিগ ব্যাশে যে খেলেই যাচ্ছেন! ওয়ার্ন বলছেন, কারণটা ক্রিকেটপ্রেম, ‘ক্রিকেট আমি প্রচণ্ড ভালোবাসি। খেলাটার প্রতি আমার আবেগ প্রচণ্ড। তা ছাড়া অস্ট্রেলিয়ান ক্রিকেটকে যেকোনোভাবে সাহায্য করার সুযোগ থাকলেও আমি করব।’এবারের বিগ ব্যাশ শুরু হবে ৭ ডিসেম্বর। এর আগেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন জমজমাট থাকবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে। শক্তির বিচারে দুই দলকে আলাদা করতে পারছেন না ওয়ার্ন। তবে নিজ দেশকে এগিয়ে রাখছেন স্বাগতিক বলে, ‘কোনো এক দলকে এগিয়ে রাখছি না আমি। যে কেউ জিততে পারে। তবে দেশের মাটিতে আমার প্রত্যাশা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে হারাবে। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সিরিজটি। দুই দলের বোলারদের পারফরম্যান্সই সিরিজের ভাগ্য গড়ে দেবে।’ এএফপি, ওয়েবসাইট।