দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজে তো বটেই, হরভজন সিংয়ের সৌজন্যে টেস্টেও বোলারদের ব্যাটসম্যানের ভূমিকায় দুর্দান্ত কিছু করে ফেলার নজির দেখা গেল অতিসম্প্রতি। টেস্টের ফল ঘুরিয়ে দেওয়া দশম উইকেট জুটির রেকর্ডে গিয়ে দেখা যাচ্ছে, ইনজামাম-উল হকের সঙ্গী হয়ে আছেন মুশতাক আহমেদ। ১৯৯৪ সালের করাচি টেস্টের চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজামামের সঙ্গে শেষ জুটিতে ৫৭ রান তুলেছিলেন মুশতাক। ২৫৮ রানে নবম উইকেট হারিয়ে ফেলা ওই টেস্টটা এই জুটির সৌজন্যে জিতেছিল পাকিস্তান। ওয়ানডেতে আবার এমনই একটা দশম উইকেট জুটির কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। ১৯৭৫ বিশ্বকাপে ২৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে গিয়েছিল ২০৩/৯। সেখান থেকে ডেরেক মারে ও অ্যান্ডি রবার্টসের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটি। দশম উইকেট জুটিতে সবচেয়ে বেশি রান করে ম্যাচ জেতানোর রেকর্ড টি-টোয়েন্টিতে নেই। কারণ টি-টোয়েন্টিতে এখনো এক উইকেটে জেতার ঘটনাই ঘটেনি!