শেষ জুটির প্রতিরোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবি রামপালের অফ স্টাম্পের বাইরের বল তাঁর ব্যাটে লেগে একমাত্র স্লিপের পাশ দিয়ে সীমানা পার। ব্যাট-হেলমেট উঁচিয়ে শূন্যে লাফিয়ে উঠলেন তানভীর আহমেদ, যেন বিশাল একটা কিছু জয় করে ফেলেছেন! ট্রিপল-ডাবল নয়, তানভীরের এই উদ্যাপন হাফ সেঞ্চুরির পর। তার পরও এতটুকু বেমানান মনে হলো না। তাঁর এই হাফ সেঞ্চুরির মাহাত্ম্য যে অনেক। একে তো আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি, তার ওপর তানভীরের এই হাফ সেঞ্চুরি দলের বড় প্রয়োজনীয় সময়ে।১৯৪ রানেই ৯ উইকেট পড়ে যাওয়ার পর ২০০ রানকেই মনে হচ্ছিল পাকিস্তানের জন্য দূরের পথ। অলআউট হওয়ার আগে সেই পাকিস্তানের সংগ্রহ ২৭২। মানে শেষ উইকেট জুটিতে সংগ্রহ ৭৮ রান। দলকে বিপদ থেকে উদ্ধারের এই সংগ্রামে তানভীরের সঙ্গী ছিলেন সাঈদ আজমল। ২৪ ওভারের চেষ্টায় এই জুটি ভেঙেছেন দেবেন্দ্র বিশু, ৫৭ রানে তানভীর এলবিডব্লু। আজমল অপরাজিত থাকেন ২৩ রানে।তানভীর-আজমল জুটিই শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ শিবিরের অস্বস্তির কারণ। নয়তো গায়ানার জয়ে উজ্জীবিত ক্যারিবীয় বোলারদের স্পষ্ট দাপটই ছিল। বৃষ্টি-বিঘ্নিত প্রথম দিনেই রবি রামপাল, বিশুরা পাকিস্তানকে পরিণত করেন ৬ উইকেটে ১৮০ রানের দলে। কাল দিনের শুরুতেই ১৪ রানের মধ্যে ফেলে দেন আরও ৩ উইকেট।গায়ানার ‘রামপাল জুজু’র ভয়ে এই টেস্টেরও শুরুতে কাঁপল পাকিস্তানিরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানেই ৩ উইকেট নেই! বিপর্যয় ঠেকাতে পুরোপুরি খোলসে যান আজহার আলী ও মিসবাহ। জুটির ৫০ রান আসে ২৫ ওভারে! দেবেন্দ্র বিশুকে স্বভাববিরুদ্ধভাবে তুলে মারতে গিয়ে আউট মিসবাহ। এর পরই আজহার-উমর আকমলের ৯৩ রানের জুটি। স্যামির বলে উমর আউট ৫৬ রানে, আজহার ৬৭ রানে রানআউট। রামপাল, বিশু নেন ৩টি করে উইকেট, স্যামি ২টি, রোচ একটি।ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হয়েছে পাকিস্তানের মতোই। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে তারাও। ওয়েবসাইট।