শেষ টেস্টে অস্ট্রেলিয়া দলে দুটি নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্থ টেস্টের আগে বাঁহাতি স্পিনার মাইকেল বিয়ারকে দলে জায়গা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। ওয়ার্নের কথা একেবারে উড়িয়ে দেননি অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। শেষ দুই টেস্টে সুযোগও পেয়েছিলেন বিয়ার। কিন্তু দ্বাদশ ব্যক্তি হিসেবে পানি বয়ে নিয়ে যাওয়ার কাজটাই করতে হয়েছে তাঁকে। অবশেষে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে প্রথম একাদশের সঙ্গে মাঠে নামতে যাচ্ছেন বিয়ার। অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের ইনজুরির কারণে দলে জায়গা পাচ্ছেন উসমান খাজা। অস্ট্রেলিয়ান ক্রিকেটে প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে এই বাঁহাতি ব্যাটসম্যানের।বদলি অধিনায়ক মাইকেল ক্লার্ক আশা করছেন, নতুন বছরে তরুণ এই দুই ক্রিকেটার অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। তিনি বলেছেন, ‘বিয়ার তার অভিষেক নিয়ে খুবই উত্তেজিত। সে অনেক দিন ধরেই আমাদের সঙ্গে একসঙ্গে আছে। এখন শেষ পর্যন্ত সে মাঠে নামার সুযোগ পাচ্ছে। আমি নিশ্চিত, সে খুব ভালো করবে।’ উসমান খাজা গত দুই বছরে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছেন। রান করেছেন ৫১.৭ গড়ে। এবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগটাও তিনি পুরোপুরি কাজে লাগাতে পারবেন বলে মনে করছেন ক্লার্ক। আগামীকাল সিডনি টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার সাবেক তিন খেলোয়াড় এই দুজনের হাতে তুলে দেবেন ব্যাগি গ্রিন ক্যাপ।তিনজনের পেস আক্রমণ নির্বাচন করতে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল অসি নির্বাচকদের। মিচেল জনসন আর পিটার সিডলের জায়গাটা মোটামুটি নিশ্চিতই ছিল। হিলফেনহউস আর ডগ বলিঙ্গারের মধ্যে লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে গেছেন হিলফেনহউস। বাদ পড়েছেন বলিঙ্গার।সিডনি টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল: শেন ওয়াটসন, ফিলিপ হিউজ, উসমান খাজা, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), মাইক হাসি, স্টিভ স্মিথ, ব্রাড হাডিন, মিচেল জনসন, পিটার সিডল, বেন হিলফেনহউস, মাইকেল বিয়ার। রয়টার্স।