শেষ তিরটা ছুড়তে প্রস্তুত নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব বিশ্বকাপের ফাইনালে গিয়েছিলেন। পারেননি। অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছিলেন। পারেননি। না-পারার এই যন্ত্রণায় নেইমার অবশ্যই বিদ্ধ। তাই বলে না-পারার শঙ্কার ভারে নতজানু নন তিনি। বরং সেই দুই ফাইনালের না-পারা এবার সুদে-আসলে পুষিয়ে দিতে প্রস্তুত ব্রাজিলের ফুটবলের নবজাগরণের নতুন দূত। আগামীকাল কনফেডারেশনস কাপের ফাইনালের জন্য প্রস্তুত ২১ বছর বয়সী নেইমার।‘আমরা আমাদের পরিবারের জন্য খেলব, আমাদের বন্ধুদের জন্য খেলব। সবচেয়ে বড় কথা, আমরা খেলব পুরো ব্রাজিলের জন্য। ঐতিহাসিক ম্যাচ হতে চলা লড়াইটার জন্য আমরা প্রস্তুত।’ বলেছেন এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে উজ্জ্বল খেলোয়াড়টি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন। সেমিফাইনালে নামের পাশে গোল ছিল না। তবে ফ্রেড আর পাওলিনহোর দুটো গোলেরই স্থপতি তিনি। নেইমারের জাদুর জন্য আগামীকালও উন্মুখ হয়ে তাকিয়ে থাকবে ফুটবল-পাগল ব্রাজিল। স্পেনকে হারাতে পারলে ঘোষিত হবে সেলেসাওদের নতুন যুগের সোনালি বার্তা। নেইমার সেটি ভালো করে জানেন বলেই সতীর্থদের উদ্দেশে বলেছেন, ‘আমরা আমাদের দেশের জন্য লড়াই করব।’নিজেদের মাঠে খেলবে ব্রাজিল। কনফেডারেশনস কাপের ইতিহাসও তাদের পক্ষে। এবার জিতলে এটি হবে টুর্নামেন্টে তাদের হ্যাটট্রিক শিরোপা। কিন্তু ফুটবলের সোনায় ধোয়া সময় পার করা স্পেনও উন্মুখ হয়ে আছে শিরোপাটির জন্য। এই একটি শিরোপা যে জেতা হয়নি তাদের। কাল জিতলে পাঁচ বছরে এটি হবে স্পেনের চতুর্থ বড় ট্রফি!নেইমার এসব জানেন বলেই বলছেন, ‘এটা দুর্দান্ত একটা ম্যাচ হবে। দুটো দলই ইতিহাস গড়তে চাইবে। অসাধারণ সব খেলোয়াড় নিয়ে গড়া সত্যিকারের এক ফাইনাল দ্বৈরথ। এটা তাই ভালো একটা ম্যাচই হবে। আমি শুধু আশা করি, মাঠ ছেড়ে হাসিমুখেই বেরোতে পারব, দলকে নিয়ে চ্যাম্পিয়ন হব।’নেইমার এ-ও ভালো করেই জানেন, একটা পাহাড় ডিঙাতে হবে ব্রাজিলকে। স্পেনের গোলমুখ যে আগলে থাকবেন ইকার ক্যাসিয়াস! স্প্যানিশ ক্রীড়াদৈনিক ‘এএস’কে নেইমার বলেছেন, ‘অনেক খেলোয়াড়কে আমি সমীহ করি। তাদের মধ্যে ক্যাসিয়াস বিশ্বের অন্যতম সেরা—এ যুগের তো বটেই, সর্বকালেরই। ওর প্রতি আমার অসীম সম্মান ও সমীহ। সবাই চাইবে ও যেন তাদের দলের হয়ে খেলে। তবে আশা করি, রোববার ওর বিপক্ষে গোল করার সম্মানটা আমি পাব।’