শেষ দিনে এ কী খেললেন সিদ্দিকুর!
তৃতীয় দিন শেষে যুগ্মভাবে শীর্ষে ছিলেন। শেষ দিনে স্বাভাবিকভাবেই সুখবর শোনার অপেক্ষায় ছিল দেশ। যুগ্মভাবে প্রথম স্থান থেকে নিজের তৃতীয় এশিয়ান ট্যুরটা জয়ের স্বপ্ন দেখেছিলেন সিদ্দিকুর রহমান নিজেও। কিন্তু দিন শেষে শিরোপার আশপাশ থেকেই বহুদূর ছিটকে গেছেন বাংলাদেশের সেরা গলফার। সবাইকে বিস্মিত করে তিনি কিনা সিঙ্গাপুর ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপে হলেন ৩০তম!
কয়েক দিন আগে শিরোপার আশা জাগিয়ে যৌথভাবে রানারআপ হয়েছেন দিল্লির প্যানপ্যাসিফিক ওপেনে। সেখানে ফিরে পাওয়া আত্মবিশ্বাসের কল্যাণে সিঙ্গাপুরের লাগুনা ন্যাশনাল গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে খেলছিলেন দাপটের সঙ্গে। পারের চেয়ে দুই শট কম খেলে তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে ছিলেন মালয়েশিয়ার নিকোলাস ফুংয়ের সঙ্গে।
কিন্তু কাল শেষ দিনে অবিশ্বাস্যরকম বাজে খেললেন সিদ্দিকুর। ১৮ হোল খেলতেই পারের চেয়ে ১১ শট বেশি নেন! শেষ রাউন্ডে মাত্র একটি বার্ডির বিপরীতে চারটি করে বগি ও ডাবল বগি করেন। সিদ্দিকুর কোনো একটি রাউন্ডে এর আগে এত বাজে খেলেননি। মনঃসংযোগই ধরে রাখতে পারেননি।
৭ লাখ ডলার অর্থ পুরস্কারের প্রতিযোগিতায় শেষ দিনে পারের চেয়ে দুই শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের ড্যানথাই বুনমা। নিকোলাস ফুং রানারআপ।