শেষ দিনে নাটকীয়তার অপেক্ষা

দুপুরের পর হঠাৎ কুর্মিটোলা গলফ ক্লাবের মূল প্যাভিলিয়নে বিপুল করতালির আওয়াজ। এই মাত্র দুর্দান্ত শট খেললেন সিদ্দিকুর রহমান। নিশ্চিত বার্ডি হচ্ছে। সবাই খুব খুশি। এই বার্ডির কল্যাণেই যে বসুন্ধরা বাংলাদেশ ওপেনে তিন নম্বরে থেকে তৃতীয় দিনটি শেষ করলেন বাংলাদেশি গলফার।
একটা ফুরফুরে হাওয়াই যেন চারপাশে বয়ে গেল এ সময়। ঘরের ছেলে শিরোপার কাছে চলে এসেছেন। কাছে, কিন্তু শিরোপাটা আসলে একটু দূরেই। শীর্ষে থাকা থাইল্যান্ডের জাজ জানেওয়াত্তানান্দের সঙ্গে পার্থক্যটা যে খুব কম নয়। তিন দিনে পারের চেয়ে ১৩ শট কম খেলেছেন জাজ। সিদ্দিকুর খেলেছেন ৮ শট কম। আজ শেষ দিনে জাজকে খারাপ খেলতে হবে, অন্যদিকে সিদ্দিকুরকে খুব ভালো খেলতে হবে। তাহলেই চ্যাম্পিয়ন হতে পারেন বাংলাদেশের সেরা গলফার। মাঝখানে অবশ্য আরেকজন আছেন। ভারতের শুভংকর শর্মা। পারের চেয়ে ৯ শট কম খেলে তিনি আছেন দুইয়ে। জাজকে না হোক, অন্তত শর্মাকে টপকে রানারআপ হওয়া খুবই সম্ভব সিদ্দিকুরের পক্ষে। দেখার বিষয়, শেষ দিনে কে কেমন খেলেন এবং কী ঘটে?
সিদ্দিকুর ভালো খেলছেন বলেই তাঁকে ঘিরে একটু হলেও আশার রেখা চিকচিক করছে। দ্বিতীয় রাউন্ডে ৬টি বার্ডি ও একটি বগি করেছেন সিদ্দিকুর। তৃতীয় রাউন্ডেও তাঁর বার্ডি ৬টি। বগি অবশ্য এদিন দুটি। এবং দুটি বগিই দিনের শুরুতে পরপর। তবে শেষটা দুর্দান্ত হওয়ায় শুরুর হতাশাটা আর পেয়ে বসেনি। পারের চেয়ে সব মিলিয়ে কাল ৩ শট কম খেলেছেন। দ্বিতীয় দিনে সংখ্যাটা ছিল ৫।
বার্ডি দিয়ে শেষ টেনে যখন কোর্স থেকে ফিরছেন, ‘শাবাশ’ ‘শাবাশ’ শব্দটি সিদ্দিকুরের দিকে ছুটে যাচ্ছিল অনর্গল। এই ফাঁকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশার কথাই বললেন দুটি এশিয়ান ট্যুর বিজয়ী সিদ্দিকুর।
দিনের শেষটা তো খুব ভালো গেল। শুরুটা ভালো হলে তো কথাই ছিল না। কী বলেন?
—শুরুটা খারাপ বলব না। তবে ওটা আমাকে আরও গতি দিয়েছে। আমার মনে হয় আমি ভালোভাবেই ফিরে এসেছি।
শেষ দিনে কী ভাবছেন, চ্যাম্পিয়ন হওয়া সম্ভব?
—যেকোনো কিছুই হতে পারে। তবে অবশ্যই আমাকে ব্যতিক্রম কিছু করতে হবে। সেটা ভেবেই আমি খুব রোমাঞ্চিত হয়ে আছি। প্রতিপক্ষও নিশ্চয়ই ভালো খেলবে। তবে আমি শুধু আমার খেলার দিকেই মনোযোগটা রাখছি। চাপ নিচ্ছি না।
সিদ্দিকুরের শরীরী ভাষায়ও বোঝা যাচ্ছিল, আত্মবিশ্বাস নিয়েই আজ শেষ দিনটা শুরু করবেন। প্রথম দিনে ২৯তম ছিলেন, দ্বিতীয় দিনে দারুণ খেলে পঞ্চম। তৃতীয় দিনে আরও এগিয়ে আসায় এই এশিয়ান ট্যুরটা জমে গেল দারুণভাবে।
দিন শেষে জাজও বললেন, ‘গলফে যেকোনো কিছুই হতে পারে।’ নিজের প্রথম বড় কোনো শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাই তরুণের আজ সামর্থ্যের শেষবিন্দু ঢেলে দেওয়ারই প্রত্যয়, ‘আজ কিছু ভুল করেছি। চেষ্টা করব শেষ দিনে যেন তেমন কিছু না হয়।’ সিদ্দিকুর চ্যালেঞ্জটা নিশ্চয়ই জানেন।