জিম্বাবুইয়ান একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভালোই করছেন বাংলাদেশের বোলাররা। ব্যাটসম্যানদের ঘাটতি পুষিয়ে দিচ্ছেন তাঁরা। প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানেই অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যাটসম্যানরা। আজ শনিবার মাত্র ১৪৭ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে জিম্বাবুইয়ান একাদশকে ২২৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে শুরুটা দুর্দান্ত সফরকারীদের। মাত্র ৩ রানেই জিম্বাবুইয়ান দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন শফিউল ইসলাম ও নাজমুল হোসেইন। দিনশেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ৩ রান। কাল তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশের দরকার ৮ উইকেট আর জিম্বাবুইয়ান একাদশের দরকার ২২০ রান।দ্বিতীয় ইনিংসের শুরুতে দলীয় মাত্র ৫ রানেই ফিরে যান ওপেনার ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিক। তৃতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ আশরাফুল। কিন্তু নাফিস ২০ ও আশরাফুল ২৮ রান করে সাজঘরে ফিরলে বিপদে পড়ে যায় বাংলাদেশ। ৬৩ রানে ৫ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ষষ্ঠ উইকেটে গড়েছিলেন ৩৬ রানের জুটি। কিন্তু দলীয় ৯৯ রানের মাথায় সমর্থকদের হতাশায় ডুবিয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর। কিছুক্ষণ পরে তাঁর পথেই হেঁটেছেন নাসির হোসেইন। দলীয় সর্বোচ্চ ৪০ রান আসে অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট থেকে। এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুইয়ান একাদশ করে ১১৩ রানে। ওয়েবসাইট।