শেষ দিনে মাত্র একটি ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কারাতেতে আজ (গতকাল) সোনার সম্ভাবনা আছে?’—প্রশ্নটা যাকে করা, কারাতে ফেডারেশনের সেই কর্মকর্তা কোনো ঝুঁকি নিতে চাইলেন না, ‘যেটাতে সোনা পাওয়ার কথা নয় সেটাতে পাচ্ছি, আর যেটাতে পাওয়ার কথা সেটাতে পাচ্ছি না। আগে থেকে কিছু বলা মুশকিল।’কিছু না বললেও অনুমান একটা ছিলই। আগের দিন চার-চারটে সোনা পেলেও প্রতিযোগিতার শেষ দিনে কারাতে থেকে বাংলাদেশের সোনা পাওয়ার সম্ভাবনা শূন্য। দিন শেষে সেটাই হলো, কারাতেতে কাল পদক বলতে পুরুষদের ৭৫ কেজি ওজন শ্রেণীতে মোহাম্মদ হোসেন খানের ব্রোঞ্জ জেতা। পুরুষদের ৬৭ কেজি ওজন শ্রেণীতে অংশ নিয়েও কোনো পদক পায়নি বাংলাদেশ।সকালে হওয়া দুই ইভেন্টেই সোনার পদক ঝুলেছে দুই আফগান কারাতেকার গলায়। পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণীতে মোহাম্মদ তামিম আর ৬৭ কেজি ওজন শ্রেণীতে সাঈদ মোহাম্মদ। এই দুই ইভেন্টে রুপা জিতেছেন নেপালের বিনোদ মাহারজান ও পাকিস্তানের সাদী আব্বাস। ৬০ কেজিতে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের শীবব্রত দেভারি ও পাকিস্তানের নাসির খান। আর ৬৭ কেজির ব্রোঞ্জ ঝুলেছে ভারতের পারোতোষ শর্মা ও নেপালের কুশল শ্রেষ্ঠর গলায়। সকালের দুই ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে কেবল ৬৭ কেজিতে। সুজন ইসলাম তাতে পঞ্চম। সকালের দুই ইভেন্টে যেমন আফগানিস্তান, বিকেলের দুই সোনা তেমনই গেছে নেপালে। মেয়েদের ৬১ কেজিতে সোনা জিতেছেন অধিকারী গঙ্গা ও পুরুষদের ৭৫ কেজিতে বিনোদ সখ্য গুভাজু। এই দুই ইভেন্টের রুপাজয়ী যথাক্রমে আফগানিস্তানের জয়নাব কুরবানি ও শ্রীলঙ্কার মোহাম্মদ নিফাজ। মেয়েদের ৬১ কেজিতে ব্রোঞ্জ পেয়েছেন পাকিস্তানের গুলসুম ও ভারতের রেবতী জ্ঞানানামুথু। আর পুরুষদের ৭৫ কেজিতে বাংলাদেশের হোসেন খানের সঙ্গে পাকিস্তানের আইনউদ্দিন।