শেষ দিনে মোহামেডান
‘সামিনা মিনা ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা’—পিকআপ ভ্যান থেকে উচ্চগ্রামে বাজছিল শাকিরার বিখ্যাত বিশ্বকাপ গান। ভ্যানের পেছন পেছন দুই-তিন শ সমর্থকের উন্মাতাল নৃত্য। হাতে ক্লাবের সাদা-কালো পতাকা, মাথায় বন্ধনী আর ফুলের পাপড়ি ছেটাতে ছেটাতে সমর্থকবেষ্টিত মোহামেডান দলবদল সারতে এল বাফুফে ভবনে। আগের দিন ব্রাদার্স এসেছিল এ রকমই রং চড়িয়ে, কাল তাদের অনুসরণ করল মোহামেডান। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে ভবনে এলেন হাসান আল মামুন, এনামুল হকরা (শরীফ)।কাল ছিল স্থানীয় খেলোয়াড়দের দলবদলের শেষ দিন। তাই একটু বেশিই ব্যস্ত ছিল বাফুফে। শেষ দিন মোহামেডানে নাম নিবন্ধন করেছেন ২৪ জন খেলোয়াড়। ক্লাবপাড়ায় নবাগত দল শেখ জামাল ধানমন্ডি আবাহনীর মতো মোহামেডানেরও ঘর ভেঙেছে। শুধু পুরোনোদের মধ্যে হাসান আল মামুন, জুমরাতুল ইসলাম (মিঠু) আর এনামুল হকই (শরীফ) রয়ে গেছেন পুরোনো ঠিকানায়। অন্যদের মধ্যে বেশির ভাগই তরুণ। তাঁদের নিয়েই নতুন মৌসুমের চ্যালেঞ্জ নিতে চান কোচ শফিকুল ইসলাম মানিক, ‘মোহামেডান সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে। এবারও গড়েছে। কাগজে-কলমে হয়তো মনে হতে পারে ৫ নম্বর দল। কিন্তু যাদের আমি নিয়েছি আমার বিশ্বাস, ওরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে। মোহামেডানের জার্সির ওজন আছে না!’ ৫ জন বিদেশিকে নিয়ে ফেডারেশন কাপ খেললেও টুর্নামেন্ট শেষেই তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কোচ।কাল শেষ দিনে মোহামেডান ছাড়াও দলবদল সেরে ফেলেছে আরামবাগ, শেখ রাসেল, ফরাশগঞ্জ, চট্টগ্রাম মোহামেডান, রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী।