শেষ দিনেই নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলোঅনে পড়েও ফলোঅন করতে হলো না ঢাকাকে। গতকাল বগুড়ায় জাতীয় লিগের সুপার ফোরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে ঢাকাকে মাত্র ২২৩ রানে অলআউট করে ২১৫ রানের লিড নেয় বরিশাল। এখনই ৩৩০ রানের লিড, উইকেট ভাঙেনি—এই যুক্তিতে নিজেরাই আবার ব্যাট করতে নেমে বরিশাল তৃতীয় দিন শেষে করেছে ২ উইকেটে ১১৫ রান। ফর্মে থাকা ব্যাটসম্যান নাসিরউদ্দিন ফারুক ব্যাট করছেন ৮০ রানে। এবারের লিগে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৯ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।দ্বিতীয় দিনের ৩ উইকেটে ৫০ রান নিয়ে খেলতে নেমে ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। কিন্তু ওখান থেকেই শুরু হয় তাদের প্রতিরোধও। অধিনায়ক শরীফ ৯ নম্বরে নামা মোশাররফ হোসেনের সঙ্গে ৬৭ রান যোগ করার পর আউট হয়ে যান। তবে থামেননি মোশাররফ হোসেন। নবম উইকেটে পেসার মাহবুবুল আলমকে নিয়ে ৪৬ রান ও শেষ জুটিতে সাজু দত্তের সঙ্গে আরও ১৯ রান যোগ করে শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন জাতীয় দলের বাইরে থাকা এই বাঁহাতি স্পিনার। এবারের লিগের সর্বোচ্চ উইকেটশিকারি বরিশালের অফ স্পিনার সোহাগ গাজী ৪টি ও পেসার তৌহিদুল ৩টি উইকেট নেন।রাজশাহীতে বিনা উইকেটে ৪ রানে দিন শেষ করা স্বাগতিকদের জিততে হলে আজ শেষ দিনে করতে হবে আরও ২৩৩ রান। রাজশাহী প্রথম ইনিংসে আগের দিনের ২১২ রানের সঙ্গে আর মাত্র ২৫ রান যোগ করে ২৩৭ রানে অলআউট হয়। ক্যারিয়ার-সেরা বোলিং (৪/৫৭) করা সিলেটের পেসার আবু জায়েদ পরপর দুই বলে আউট করেন মোহাইমেনুল ও তাইজুলকে। প্রথম ইনিংসে ৭৯ রানের লিড নেওয়া সিলেট তাইজুল ইসলাম (৪/৪৯) ও ফরহাদ হোসেনের (৩/১৫) বোলিংয়ে ১৫৭ রানেই গুটিয়ে যায়। ম্যাচে দ্বিতীয়বার ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। অফ স্পিনার ফরহাদ হোসেন এক ওভারেই আউট করেন এবারের লিগে সর্বোচ্চ ৪৯৯ রান করা ব্যাটসম্যান রাজিন সালেহ ও তাসামুলকে। বড় ইনিংস খেলতে পারেননি সিলেটের কোনো ব্যাটসম্যানই, সর্বোচ্চ ২৭ রান করেছেন ওপেনার সৈকত আলী।