শেষ দিনেই শিরোপার মীমাংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাকে এমন অভিবাদন মাহমুদউল্লাহর? কাল বিকেএসপিতে সেঞ্চুরির পর। সেঞ্চুরির পরও অবশ্য মোহামেডানের কাছে হেরে গেছে তাঁর দল গাজী ট্যাংক  প্রথম আলো
কাকে এমন অভিবাদন মাহমুদউল্লাহর? কাল বিকেএসপিতে সেঞ্চুরির পর। সেঞ্চুরির পরও অবশ্য মোহামেডানের কাছে হেরে গেছে তাঁর দল গাজী ট্যাংক প্রথম আলো

দল জিতছিল, কিন্তু তাতে ব্যাট হাতে তাঁর অবদান খুব বেশি চোখে পড়ছিল না। ব্যাটে মোটামুটি রান ছিল, ছিল না বড় ইনিংস। চাপটা যে ভালোই অনুভব করছিলেন সেটার প্রমাণ হয়েই এল যেন কালকের উদ্যাপন। অবশেষে সেঞ্চুরি পেলেন মাহমুদউল্লাহ। সেই উদ্যাপনে মিশে থাকল উচ্ছ্বাসের সঙ্গে স্বস্তিও।

যদিও সেই সেঞ্চুরিটি জয়ের সুবাসমাখা হয়নি। বরং কাল বিকেএসপিতে সুপার লিগে মাহমুদউল্লাহর দল গাজী ট্যাংক ক্রিকেটার্সকে প্রথম পরাজয় উপহার দিয়েছে মোহামেডান। পরাজয়ের স্বাদ সব সময়ই তেতো। এখানে তা আরও বেশি হতো মিরপুরে প্রাইম দোলেশ্বর হেরে গেলে। কারণ কাল ম্যাচ দুটি শুরুর আগে সমীকরণটা ছিল, প্রাইম দোলেশ্বর হারলে নিজেরা জিতলেই চ্যাম্পিয়ন গাজী ট্যাংক। দোলেশ্বর ১৫ রানে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমিকে, যাতে দুই দলের পয়েন্ট এখন সমান (২০)। আগামীকাল ফতুল্লায় গাজী-দোলেশ্বর ম্যাচটিই এখন তাই লিগের অলিখিত ফাইনাল। কাল গাজী ট্যাংক জিতলেও তা-ই থাকত। ২ পয়েন্ট এগিয়ে গেলেও চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে হারাতেই হতো দোলেশ্বরকে। তা না হলে দুই দলের পয়েন্ট হয়ে যেত সমান এবং মুখোমুখি লড়াইয়ে জয়ের সুবাদে চ্যাম্পিয়ন হয়ে যেত দোলেশ্বর।

কাল ২৬৯ রান তাড়ায় গাজীর সর্বনাশ করেছে দুটি রানআউট। দ্বিতীয় ওভারেই রানআউট হয়েছেন মরগান, পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৬৫ রানের জুটির পর ডেসকাটও কাটা পড়েছেন রানআউটে। যদিও আউটটি নিয়ে বিতর্ক আছে বেশ। ৭ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই টালমাটাল গাজীকে মাহমুদউল্লাহ একটু সুস্থির করলেও লম্বা সময় সঙ্গী পাননি কাউকে। পরে তাঁকেও ফিরিয়ে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দেন সামিত প্যাটেল। বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার আগে মোহামেডানের ইনিংসে সর্বোচ্চ স্কোরও (৭৬) তাঁর। তৃতীয় উইকেটে থারাঙ্গার (৬২) সঙ্গে সামিতের ১০৯ রানের জুটি মোহামেডানকে এনে দেয় শক্ত ভিত। শেষ দিকে রহমত শাহ (১৯ বলে ২৭*) ও মাশরাফির তোলা ঝড় (১৫ বলে ৩৭) এগিয়ে নিয়ে যায় আরও।
দোলেশ্বরের জয়ে বড় অবদান ডেভিড ম্যালানের। ৮ চার ও ৬ ছক্কায় ১২০ বলে ১২৩ রান করেছেন তিনি। ৪২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মুমিনুলের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন। ষষ্ঠ উইকেটে সাব্বিরের সঙ্গে ১০৪ রানের জুটিটি মাত্র ৫৯ বলে। ৮৫ বলে ফিফটির পর পরের পঞ্চাশ ছুঁতে ম্যালানের লেগেছে ২৯ বল। রান তাড়ায় মাসাকাদজা (৬৯), মার্শাল আইয়ুবদের (৬৭) পর শরীফুল্লাহর ৫৫ বলে ৭০ রানে লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি কলাবাগান একাডেমি।
কাল দিনের আরেক ম্যাচে মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেটার্সকে ২ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি।

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান: ৫০ ওভারে ২৬৮/৬ (সামিত ৭৬, থারাঙ্গা ৬২, মাশরাফি ৩৭, শামসুর ৩৬; আরাফাত ২/৩৭, নাঈম জু. ১/৩৭, ডেসকাট ১/৫৪, শহীদ ১/৬০)। গাজী ট্যাংক: ৪২ ওভারে ২১৪ (মাহমুদউল্লাহ ১০৬, ইমরুল ৩৬; সামিত ৩/৫২, মুরাদ ২/২৬, দেলোয়ার ২/৩১, মুক্তার ১/৩২)।
ফল: মোহামেডান ৫৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সামিত প্যাটেল।

দোলেশ্বর: ৫০ ওভারে ২৮৭/৭ (ম্যালান ১২৩, মুমিনুল ৪৫, সাম্পাথ ৩২, সাব্বির ৩২; মাসাকাদজা ৪/৫৬, মাকসুদুল ১/২৫, শরীফউল্লাহ ১/৪৪)। কলাবাগান সিএ: ৫০ ওভারে ২৭২/৮ (শরীফউল্লাহ ৭০, মাসাকাদজা ৬৯, মার্শাল ৬৭; সাব্বির ২/৪৩, শফিউল ১/২৬, ফরহাদ রেজা ১/৪৪, মুমিনুল ১/৪৫, সাম্পাথ ১/৪৬, তাইজুল ১/৬৮)।
ফল: প্রাইম দোলেশ্বর ১৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ম্যালান।

প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৫৬/৬ (তায়েবুর ৮৯*, বোপারা ৬১; তানভীর ২/১৪, শুভাশিস ২/৩৯, ক্রুক ১/৪৮, রাজ্জাক ১/৫৩)। শেখ জামাল: ৪৯.৩ ওভারে ২৬০/৮ (মুশফিক ৮২, তানভীর ৩৩, জহুরুল ৩০; বোপারা ২/২৬, জিয়াউর ২/৪৬, তাপস ১/৩০, ডলার ১/৩২, এনামুল জু. ১/৩৩, রেজাউল ১/৪১)।
ফল: শেখ জামাল ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।