শেষ দৃশ্যেও জয়ের আশায়
ওয়ানডে সিরিজ জিতলেও ফতুল্লায় ট্রফি দেওয়া হয়নি বাংলাদেশ দলকে। প্রধানমন্ত্রীর হাত থেকে সে ট্রফি নেওয়ার শুভক্ষণ আসবে আজ। কিন্তু এদিনই যদি সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা হেরে বসে বাংলাদেশ দল, ওয়ানডে সিরিজের ট্রফি পাওয়ার আনন্দে একটু ছায়া তো পড়বেই। শেষ ভালো যার সব ভালো তার। টেস্ট সিরিজ ড্র আর ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করার পর আজ তাই মিরপুরে জয় দিয়ে শেষ করার স্বপ্নে বিভোর বাংলাদেশ। কাল সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মুশফিকুর রহিমও বললেন, ‘লক্ষ্য অবশ্যই জেতার। এ বছর আমাদের আর কোনো আন্তর্জাতিক খেলা নেই। এই সিরিজে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। শেষটাও ভালো করার আশা থাকবে।’
তবে খেলাটা যে টি-টোয়েন্টি এবং তাতে বাংলাদেশের রেকর্ড বলার মতো কিছু নয়, মুশফিক তা ভুলে যাচ্ছেন না। ৩০ ম্যাচে জয় মাত্র ৯টিতে। বড় দলের বিপক্ষে শুধু দুটি। ইতিহাস থেকে তাই খুব একটা প্রেরণা নেওয়ার নেই। অবশ্য প্রেরণা পেতে অত পেছনে তাকানোর দরকারই বা কী? বাংলাদেশ-নিউজিল্যান্ড চলতি সিরিজে এখন পর্যন্ত সেরা দলটার নাম বাংলাদেশ। আজকের ম্যাচের আগে এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কী হতে পারে! মুশফিকও বললেন, ‘পুরো সিরিজে ভালো খেলায় এ ম্যাচের আগে আমরা খুবই আত্মবিশ্বাসী। হার-জিত পরের ব্যাপার। তবে ম্যাচের জন্য যে প্রস্তুতি দরকার, সেদিক থেকে আমরা খুব ভালো অবস্থানে আছি।’
কাগজ-কলমে তার পরও নিউজিল্যান্ডই আজ ‘বড়’ দল। টি-টোয়েন্টিতে ছোট দল-বড় দলের শক্তির পার্থক্য কমে আসার যে প্রচলিত তত্ত্ব, এখানেও সেটা তাদের ‘বড় দল’ ধরেই। নিউজিল্যান্ড দলে যে রকম টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলেও কেউ কেউ আছেন, বাংলাদেশ দলে সেটা কই? মুশফিক বিষয়টা মেনেও বলছেন, ‘টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলতে ক্রিস গেইলের মতো হয়তো কেউ নেই আমাদের। কিন্তু যারা আছে তারা সবাই কার্যকর, আগের চেয়ে বেশি পরিণত। আশা করছি, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী খেলবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটাকে এখন পর্যন্ত নিজের খেলা সেরা সিরিজ বলে মানেন মুশফিক। টেস্ট-ওয়ানডে মিলিয়ে এতটা ধারাবাহিক ক্রিকেট খেলতে আগে দেখেননি দলকে। শেষটাও ভালো করার তাড়না বেশি সে কারণেই, ‘আশা করব, শেষটাও ভালো হবে। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।’ বাংলাদেশ দলের পক্ষে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক। কিন্তু নিউজিল্যান্ড পাঠাল পেসার টিম সাউদিকে। কণ্ঠে ওয়ানডে সিরিজ হারের হতাশা ছুঁয়ে গেলেও টি-টোয়েন্টি নিয়ে তাঁকে মনে হলো দারুণ আশাবাদী, ‘দলে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। তারুণ্য এবং অভিজ্ঞতার সম্মিলনও ভালো। আমরা এখন টি-টোয়েন্টি ম্যাচটার দিকে তাকিয়ে। এটা একটা নতুন সিরিজ এবং আমাদের সামনে সিরিজ জিতে দেশে ফেরার হাতছানি।’
আর বাংলাদেশের সামনে আছে সিরিজের শেষ দৃশ্যটাকেও বিজয়ের রঙে রাঙানোর সুযোগ। বড় দলগুলোর মতো তাই এ ম্যাচে কাউকে বিশ্রামে পাঠানোর বিলাসিতা করা হবে না। একাদশে কে খেলবেন কে খেলবেন না, সেসব নিয়ে কথা না বললেও নির্বাচক হাবিবুল বাশার একটা জিনিস স্পষ্ট করে দিলেন, ‘ম্যাচ জেতার জন্য আমরা সম্ভাব্য সেরা দলই খেলাব। কাউকে বিশ্রাম দেওয়ার চিন্তাভাবনা নেই।’ তবে তলপেটে ব্যথার কারণে তৃতীয় ওয়ানডে থেকেই দলে না থাকা তামিম ইকবাল কাল আনুষ্ঠানিকভাবেই চলে গেলেন দলের বাইরে। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বিভব সিংয়ের এ সংক্রান্ত একটা বক্তব্যও আছে। যার সারমর্ম, পরিস্থিতির উন্নতি না হওয়ায় তামিমকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে না। পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে।
দলে আসা নতুন মুখ সৌম্য সরকারের অভিষেকের সম্ভাবনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তাঁর না খেলার সম্ভাবনাই নাকি বেশি। কাল রাতের সিদ্ধান্ত ঠিক থাকলে ফতুল্লায় তৃতীয় ওয়ানডে খেলা দলটারই আজ মাঠে নামার কথা। শেষ ওয়ানডের মতোই শামসুর রহমানের সঙ্গে ওপেনিংয়ে নামার কথা জিয়াউর রহমানের। দল প্রসঙ্গে যতটা সহজে কথাগুলো বলা গেল, একাদশ নির্বাচন এখন ঠিক ততটাই কঠিন হয়ে পড়েছে টিম ম্যানেজমেন্টের জন্য। তবে এটিকে ‘মধুর সমস্যা’ বলেই মনে হচ্ছে মুশফিকের কাছে, ‘দল সাজানোর কাজটা আমাদের জন্য অসম্ভব হয়ে উঠছে। কাকে ছেড়ে কাকে রাখব দলে! এটা গুড সাইন।’