শেষ পর্যন্ত অলিম্পিকে চার খেলোয়াড়ই
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাঁর জন্য চেষ্টা করেছিল। কিন্তু নির্ধারিত সময়ের এক সপ্তাহ পার হলেও ভাগ্যে শিকে ছিঁড়ল না শ্রাবণী বিশ্বাসের। তাই লন্ডন অলিম্পিকে খুব সম্ভবত বাংলাদেশ দলের অংশ হতে পারছেন না এরই মধ্যে গোটা দুই আন্তর্জাতিক সোনাজয়ী এই তায়কোয়ান্দো খেলোয়াড়। তায়কোয়ান্দোতে একটা ওয়াইল্ড কার্ড মিলবে ধরে নিয়েই শ্রাবণীর ব্যাপারে আশাবাদ তৈরি হয়েছিল। কিন্তু ইতিবাচক সাড়া না পাওয়ায় আগে নির্বাচিত চার খেলোয়াড়কে নিয়েই লন্ডন অলিম্পিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বিওএর মহাপরিচালক কর্নেল ওয়ালিউল্লাহ কাল সে কথাই জানালেন, ‘আইওসি থেকে ২০ মে চূড়ান্তভাবে শ্রাবণীর ব্যাপারটা জানানোর কথা ছিল। কিন্তু তারা জানায়নি বলে আমরা ধরে নিয়েছি, শ্রাবণীরটা হচ্ছে না। শেষ মুহূর্তে ওয়াইল্ড কার্ড দিলে ভিন্ন কথা। তবে অপেক্ষা করে লাভ নেই। চারজন খেলোয়াড় নিয়েই আমাদের দল চূড়ান্ত।’সুযোগ পাওয়া ব্যক্তিদের ভাগ্যবানই বলা যায়। মাঠের পারফরম্যান্স যা-ই হোক, বাংলাদেশের খেলোয়াড়দের কাছে অলিম্পিকে যাওয়া সারা জীবন গর্ব করার উপলক্ষ। এবার সেই আবেগের বাতাস গায়ে মাখার সুযোগ পাচ্ছেন শ্যুটার শারমিন আক্তার (রত্না), সাঁতারু মাহফিজার রহমান, যুক্তরাষ্ট্রপ্রবাসী জিমন্যাস্ট সাইক সিজার ও আর্চার ইমদাদুল হক। তাঁরা সবাই বিওএ মনোনীত। আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ডিসিপ্লিন ঠিক করে দিত। ফলে ওই খেলারই খেলোয়াড় পাঠাতে হতো। এবার বিওএ আইওসির কাছে ডিসিপ্লিন পছন্দ করার সুযোগ পেয়ে নিজেদের সেরাদেরই পাঠাতে পারছে। ১৯৮৪ সাল থেকে অলিম্পিকের যাত্রী বাংলাদেশ। এত দিন তা ছিল শুধু ‘অলিম্পিক-দর্শন’। তবে এবার বাংলাদেশের প্রস্তুতি অন্যবারের চেয়ে ভালো। তাই ওয়ালিউল্লাহ জোর দিয়েই বলতে পারছেন, ‘পদকের আশা হয়তো আমরা করছি না। তবে এবার আমরা নিজেদের ভালোই উপস্থাপন করতে পারব বলে বিশ্বাস আছে।’শ্যুটার শারমিন আছেন লন্ডনের বিসলে শ্যুটিং রেঞ্জে। অলিম্পিক পর্যন্তই সেখানে অনুশীলন করবেন। সাইক সিজার মিশিগানে। সেখানে তাঁকে ১৫ হাজার ডলার অনুশীলন খরচ খুব শিগগিরই পাঠিয়ে দিচ্ছে বিওএ। ইমদাদুল অনুশীলন করছেন ব্যাংককে। বাকিদের অনুশীলন খরচও বিওএ দিচ্ছে, যদিও আগে বিওএ এতটা উদ্যোগী ছিল না।১১ সদস্যের বাংলাদেশ দলে চার খেলোয়াড়ের সঙ্গে চারজন কোচ। এ ছাড়া শেফ দ্য মিশন নূরুল ফজল বুলবুল, টিম ম্যানেজার বিওএর কোচিং কমিটির কর্মকর্তা এ কে সরকার, বিওএর অ্যাটাশে হিসেবে রয়েছেন ওয়ালিউল্লাহ।