শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মিথের সেঞ্চুরির আনন্দ। দলকে খাদের কিনারা থেকেও টেনে তুলেছে তাঁর ব্যাট।
স্মিথের সেঞ্চুরির আনন্দ। দলকে খাদের কিনারা থেকেও টেনে তুলেছে তাঁর ব্যাট।

শুরুতে এক চিলতে হাসিই ফুটেছিল ইংল্যান্ড সমর্থকদের মুখে। টানা দুটি ম্যাচেই হারের পর আজ অ্যাশেজের তৃতীয় টেস্টের শুরুটা দারুণভাবেই করেছিলেন ইংলিশ বোলাররা। মাত্র ১৪৩ রানের মধ্যেই তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পাঁচটি উইকেট। কিন্তু দিনের শেষে কর্পূরের মতো উবে গেছে ইংলিশদের সেই হাসি। স্টিভেন স্মিথের সেঞ্চুরি আর মেয়ের ক্যানসার থেকে প্রেরণা নেওয়া ব্র্যাড হাডিনের আরও একটি দারুণ ইনিংসে পার্থ টেস্টের প্রথম দিনটায় এগিয়ে থেকেই শেষ করেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে তুলেছে ৩২৬ রান।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংলিশরা যখনই ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছিলেন, সে সময়ই ভীষণ বিপদে পড়ে যাওয়া দলকে উদ্ধার করেছে স্মিথ ও হাডিনের ১২৪ রানের জুটি। হাডিন ৫৫ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ১০৩ রানে অপরাজিত স্মিথ। ‘অলরাউন্ডার’ মিচেল জনসন ব্যাট করছেন ৩৯ রানে। এই জুটিতে এরই মধ্যে ৫৯ রান যোগ করে ফেলেছে অস্ট্রেলিয়া।

টসে জিতে ব্যাট করতে নেমে ঝোড়ো গতিতে শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় প্রথম ২৪ ওভারেই স্কোর বোর্ডে যোগ হয়েছিল ১০৭ রান। কিন্তু উইকেটও খোয়াতে হয়েছে স্বাগতিকদের। মধ্যাহ্ন বিরতির আগেই আউট হয়েছিলেন ক্রিস রজার্স (১১), শেন ওয়াটসন (১৮) ও শততম টেস্ট খেলতে নামা অধিনায়ক মাইকেল ক্লার্ক (২৪)।

তার পরও ব্যাটে লাগাম পরাননি ডেভিড ওয়ার্নার। ধীরে-সুস্থে খেললে হয়তো ৭৭ বলে ৬০ রানের ইনিংসটা আরও একটু দীর্ঘায়িত করতে পারতেন। কিন্তু দলীয় ১২৯ রানের মাথায় উইকেটটা বিলিয়েই দিয়ে এসেছেন এই মারমুখী ব্যাটসম্যান। গ্রায়েম সোয়ানকে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েছেন মাইকেল কারবেরির হাতে। তিন ওভার পরে জর্জ বেইলিও (৭) স্টুয়ার্ট ব্রডের শিকারে পরিণত হওয়ার পর চাপের মুখেই পড়ে যায় অস্ট্রেলিয়া।

স্কোর বোর্ডে ১৫০ জমা হওয়ার আগেই নেই ৫ উইকেট! সেখান থেকেই ইংলিশ বোলারদের দীর্ঘক্ষণ হতাশায় পুড়িয়েছেন স্মিথ ও হাডিন। ষষ্ঠ উইকেটে তাঁদের জুটিটা স্থায়ী হয়েছে ৩৬ দশমিক ২ ওভার!
অ্যাডিলেডের পর আবারও একটি সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন মেয়ের অসুস্থতার কারণে এক বছর ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসন নেওয়া হাডিন। কিন্তু টানা চতুর্থ পঞ্চাশোর্ধ্ব ইনিংসটাকে আর তিন অঙ্কের রূপ দিতে পারেননি। শিকার হয়েছেন বেন স্টোকসের। দিনের বাকি সময় অবশ্য নির্বিঘ্নেই পার করতে পেরেছেন স্মিথ ও জনসন।
স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ান নিয়েছেন দুটি করে উইকেট।