শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াই
ক্যারিয়ারটা অনেক দীর্ঘই হওয়ার কথা। তার পরও ধরে নেওয়া যাক, কোনো কারণে এক টেস্টের বেশি খেলা হলো না প্যাট্রিক কামিন্সের। আক্ষেপ অবশ্যই থাকবে। তবে এই এক টেস্টেই যা করলেন আর যা দেখলেন, নাতিনাতনিদের কাছে গল্প করার রসদ কিন্তু যথেষ্টই জমে গেছে!অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট পাওয়ার বিশ্ব রেকর্ড। ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষের রানকে রাখলেন নিজেদের ধরাছোঁয়ার মধ্যে। এরপর ব্যাট হাতে অপরাজিত ১৩ রান, এমন একসময় যখন প্রতিটি রানই একেকটা সোনার টুকরো। রুদ্ধশ্বাস উত্তেজনা আর প্রচণ্ড চাপের মধ্যে জয়সূচক বাউন্ডারিও এল তাঁর ব্যাট থেকে। এই সময়গুলোতেই বুঝি বলতে হয়, কে লিখেছেন এমন চিত্রনাট্য!এ তো গেল কামিন্সের কীর্তি, ম্যাচটির কথা ভাবুন! কেপটাউনের ওই বিস্ময়কর আড়াই দিনের পর মনে হয়েছিল এর চেয়ে নাটকীয় আর কী হতে পারে! কিন্তু ক্রিকেট এমন এক খেলা, যেটির ‘শেষ নাহি যে শেষ কথা কে বলবে!’ কামিন্স-অধ্যায়, পন্টিং-হাডিনের ক্যারিয়ার বাঁচানো ইনিংস, অভিষেকের পর দ্বিতীয় টেস্টেও ভারনন ফিল্যান্ডারের ৫ উইকেট আর শেষ দিনে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ নাটকীয়তা আর উত্তেজনায় ছাড়িয়ে গেল কেপটাউনকেও।অথচ বৃষ্টির কারণে কাল খেলা হওয়া নিয়েই ছিল সংশয়। লাঞ্চের পর যখন খেলা শুরু হলো, খানিকটা এগিয়ে ছিল অস্ট্রেলিয়াই। ১৬৮ রান চাই, হাতে ৭ উইকেটে। কিন্তু সমীকরণটা বদলে যায় কিছুক্ষণের মধ্যেই। সহায়ক পরিবেশ পেয়ে ইচ্ছেমতো মতো সুইং করাতে থাকেন দক্ষিণ আফ্রিকান পেসাররা। ফিল্যান্ডারের ইনসুইঙ্গার ক্লার্কের স্টাম্প উড়িয়ে দেয় দিনের চতুর্থ ওভারেই। নায়ক হওয়ার সুযোগ হারিয়ে পন্টিং অনেক বাইরের বল কাট করতে গিয়ে ক্যাচ দিলেন স্লিপে। রানের চাকাও থমকে গেল, প্রথম বাউন্ডারি দিনের ১৩তম ওভারে!হাসি-হাডিনের ষষ্ঠ উইকেট জুটিতে আবার ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। ফিল্যান্ডার আক্রমণে ফিরে প্রথম বলেই ৫০ রানে থামিয়ে দেন এই জুটি। হাসিকেও ফিরিয়ে দেওয়ার সময় মনে হয়েছিল শেষ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার শেষ আশাটুকুও। কিন্তু এই ম্যাচ কি আর গৎবাঁধা চিত্রনাট্য মানবে?পন্টিং-জনসনের মতো তারকা নন বলে হয়ত হাডিনের ফর্মহীনতাটা একটু আড়ালে পড়ে গিয়েছিল। নইলে উইকেটের পেছনে ও সামনে করুণ অবস্থাই ছিল তাঁর। ঘুরে দাঁড়ানোর জন্য বেছে নিলেন এই মহাগুরুত্বপূর্ণ সময়টাকেই। নড়বড়ে শুরুর পর খেলেছেন দারুণ সব শট, সপ্তম উইকেটে জনসনের সঙ্গে ৭২ রানের মহামূল্যবান জুটি। কাজ শেষ করে আসতে অবশ্য পারেননি। দ্বিতীয় নতুন বলে হাডিনের পর সিডলও নেই। কিন্তু বোলিংয়ে ব্যর্থ জনসন চেষ্টা করলেন ব্যাট হাতে ক্যারিয়ার বাঁচানোর। আর কামিন্স তো রূপকথা লিখবেন বলে পণ করেছেন! দুজনের অবিচ্ছিন্ন ১৮ রানের জুটিতে ২ উইকেটে জয়, সিরিজ ১-১।সিরিজ শেষ। কিন্তু অসাধারণ দুটি টেস্ট আবারও জাগিয়ে তুলছে সেই প্রশ্নটা—অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজটা কেন মাত্র দুই টেস্টের হবে? তথ্যসূত্র: ওয়েবসাইট।