সিবি সিরিজের ফাইনালের ফাইনালটাও হলো দুর্দান্ত। অনেক দিন পর হওয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ওয়ানডে টুর্নামেন্টের শেষটাও দেখল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। অ্যাডিলেড ওভালে কাল তৃতীয় ও শেষ ফাইনালে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দেশের মাটিতে মৌসুমের শেষ আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ক্লিন্ট ম্যাকাই। ব্যাটিংয়ে ব্রেট লির সঙ্গে তাঁর ৪০ রানে জুটি না হলে অস্ট্রেলিয়ার রান ২০০ পেরোয় না। এরপর বল হাতে করলেন ২৩ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা বোলিং। এই ডানহাতি পেসারের ২৮ রানে ৫ উইকেটের সঙ্গে শেন ওয়াটসন (৭-১-১৩-২) ও ড্যানিয়েল ক্রিস্টিয়ানের (৮-১-২১-০) মিডিয়াম পেসেই ২০০৫-৬ মৌসুমের পর আবার ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৪৯তম ওভারের পঞ্চম বলে লাসিথ মালিঙ্গাকে বোল্ড করেই নিজের পঞ্চম উইকেটটি তুলে নেন ম্যাকাই।ম্যাচের আগে অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে বলেছিলেন ‘নাজুক’। তবে কাল এটা বলতে পারতেন চাইলেই নিজের দল সম্পর্কেই। মাত্রই ১৪ ওভারে দুই ওপেনার ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নারের এনে দেওয়া ৭৫ রানের ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছিল তাদের মিডল-অর্ডার। অ্যাডিলেড ওভালে ২৩১ রানের লক্ষ্যটা বড় কিছু নয়। যদিও একসময় সংশয় জেগেছিল অস্ট্রেলিয়ার দুই শ পেরোতে পারে কি না, সেটা নিয়েই। ফিফটি করতে পারেননি তাদের কোনো ব্যাটসম্যানই।তবে বোলিংয়ে নিজেদের কাজটা পরিকল্পনামতোই করতে পেরেছে শেন ওয়াটসনের দল। শ্রীলঙ্কার তিন ব্যাটিংস্তম্ভ মাহেলা জয়াবর্ধনে, তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারাকে ইনিংসের শুরুতে ফিরিয়ে দিয়েছেন বোলাররা। ১০ ওভারের আগেই এই তিনজনের সঙ্গে ড্রেসিংরুমে ফিরেছেন ফর্মে থাকা দিনেশ চান্ডিমালও। এরপর প্রথম ফাইনালের মতো আরেকটি ‘উপুল থারাঙ্গা বীরত্বগাথা’। ৪৬তম ওভারের শেষ বলে ৭১ রান করে ওয়াটসনের বলে ওয়েডের হাতে তাঁর ক্যাচ দেওয়ার মুহূর্তেই আসলে খেলা শেষ। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ২৩১ (ওয়েড ৪৯, ওয়ার্নার ৪৮, ওয়াটসন ১৯, মাইক হাসি ১, ডেভিড হাসি ১৯, ফরেস্ট ৩, ক্রিস্টিয়ান ১৯, লি ৩২, ম্যাকাই ২৮, ডোহার্টি ৫*, লায়ন ০; দিলশান ১/৪১, কুলাসেকারা ২/৪০, মালিঙ্গা ০/৬৯, মাহারুফ ৩/৪০, হেরাথ ৩/৩৬)। শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২১৫ (জয়াবর্ধনে ১৫, দিলশান ৮, সাঙ্গাকারা ১৯, চান্ডিমাল ৫, থিরিমান্নে ৩০, থারাঙ্গা ৭১, কাপুগেদারা ৭, কুলাসেকারা ১৫, মাহারুফ ১৮*, হেরাথ ০, মালিঙ্গা ৬; লি ৩/৫৯, ডোহার্টি ০/৪৯, ম্যাকাই ৫/২৮, ওয়াটসন ২/১৩, লায়ন ০/৩৬, ক্রিস্টিয়ান ০/২১)। ফল: অস্ট্রেলিয়া ১৬ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: ক্লিন্ট ম্যাকাই।ম্যান অব দ্য টুর্নামেন্ট: তিলকরত্নে দিলশান।